মীরসরাইয়ে মুরসি সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ, আদালতে মামলা
মীরসরাই, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার মসজিদিয়া পদ্দাবাজ গ্রামে মুরসি সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়ে আদালতের শরণাপন্ন হয়েছে। ভুক্তভোগী সরোয়ার উদ্দিন সাংবাদিকদের জানান, তাদের বাপ-দাদার আমল থেকে ভোগদখলে থাকা বিএস রেকর্ডভুক্ত মুরসি সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছেন একই এলাকার মো. মজিবুল হক, হারুন, সেলিম ও নুর হোসেন গং। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে চার থেকে পাঁচ দফা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। তিনি আরও বলেন, “বৈঠকে সুরাহা না হওয়ায় আমরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হই। বর্তমানে এ বিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। যার মামলার নং- ৫০৬/২০২৬, তারিখ ২৪ মে ২০২৬। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, “বিতর্কিত জমিগুলো সরোয়ার উদ্দিনের বাপ-দাদার আমলের মুরসি সম্পত্তি বলে এলাকায় পরিচিত। জমি নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু কোনো সমাধান না হওয়ায় বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। অন্যদিকে অভিযোগের বিষয়ে সাংবাদিকরা প্রতিপক্ষের বক্তব্য জানতে চাইলে তারা জানান, জমিগুলো মুরসি সম্পত্তি হলেও এর মালিকানা একাধিক ব্যক্তির মধ্যে বিভক্ত। তাদের দাবি, অংশীদারদের একজন নিজ অংশ বিক্রি করেছেন এবং পরবর্তীতে বৈঠকের মাধ্যমে তারা জমির দখল পেয়েছেন। প্রতিপক্ষ আরও বলেন, আমরা আদালতের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করছি। এ বিষয়ে কোনো ধরনের ঝগড়া-বিবাদে জড়াইনি। প্রয়োজন হলে আদালতেই আমাদের বক্তব্য ও প্রমাণ উপস্থাপন করা হবে। এদিকে এলাকাবাসীর মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই সংশ্লিষ্টদের দৃষ্টি এখন আদালতের রায়ের দিকেই।
What's Your Reaction?