জাতীয় সেরা আবৃত্তিকার আদিলাকে সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন 

Jul 29, 2026 - 17:08
 0  6
জাতীয় সেরা আবৃত্তিকার আদিলাকে সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন 

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর সাংস্কৃতিক বিভাগে আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করে দেশের সেরা হয়েছে জামালপুরের ক্ষুদে আবৃত্তিকার মারিয়া জান্নাত আদিলা। তার এই গৌরবময় অর্জনে এবার তাকে সংবর্ধনা দিয়েছে জামালপুর সদর উপজেলা প্রশাসন। অনুষ্ঠানজুড়ে ছিল অভিনন্দন, শুভেচ্ছা আর ভবিষ্যতের জন্য শুভকামনা।

জামালপুর সদর উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারিয়া জান্নাত আদিলা। প্রতিভা, অধ্যবসায় আর নিরলস অনুশীলনের মাধ্যমে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর সাংস্কৃতিক বিভাগে আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে সে। তার এই অর্জনে গর্বিত পুরো জামালপুর।

এই অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে বুধবার দুপুরে জামালপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব।

বক্তারা বলেন, ছোট বয়সেই জাতীয় পর্যায়ে এমন সাফল্য শুধু আদিলার নয়, এটি পুরো জেলার গর্ব। তার এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করবে। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের প্রতিনিধিত্ব করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

ছোটবেলা থেকেই আবৃত্তির প্রতি গভীর ভালোবাসা ছিল আদিলার। নিয়মিত অনুশীলন, পরিবারের সহযোগিতা, বিদ্যালয়ের শিক্ষকদের উৎসাহ এবং 'কাব্যকথা' আবৃত্তি একাডেমির প্রশিক্ষণের মাধ্যমে আজ সে জাতীয় পর্যায়ের সেরা আবৃত্তিকার হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে।

আদিলার স্বপ্ন এখন আরও বড়। জাতীয় মঞ্চ জয় করা ক্ষুদে আবৃত্তিকার মারিয়া জান্নাত আদিলার চোখ এখন আন্তর্জাতিক অঙ্গনে। আর তার এই সাফল্যে আনন্দিত জামালপুরবাসীর প্রত্যাশা, একদিন বিশ্বমঞ্চেও বাংলাদেশের লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরবে এই ক্ষুদে প্রতিভা।

একটি ছোট্ট কণ্ঠ, কিন্তু অর্জনটি পুরো দেশের জন্য গর্বের। জাতীয় পর্যায়ে আবৃত্তিতে প্রথম হয়ে জামালপুরের নাম উজ্জ্বল করেছে মারিয়া জান্নাত আদিলা। সেই সাফল্যের স্বীকৃতি জানাতেই তাকে সংবর্ধনা দিয়েছে সদর উপজেলা প্রশাসন।

মেহেদী হাসান
জামালপুর। 
২৮-০৭-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow