কয়রায় নিরাপদ পানি সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় নিরাপদ পানি সংকট সমাধান ও সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএসের আয়োজনে এবং ইআরসিসি-২ প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ-আল-মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদ। সভায় কয়রা উপজেলার উপকূলীয় এলাকায় নিরাপদ ও সুপেয় পানির সংকট, এর কারণ এবং সংকট নিরসনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নিরাপদ পানির উৎস বৃদ্ধি, বিদ্যমান পানির উৎস সংরক্ষণ এবং জনগণের জন্য সহজলভ্য নিরাপদ পানি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিমাই চন্দ্র মন্ডল, ইউপি সদস্য বিভূতি ভূষণ রায়, মোস্তফা কামাল হোসেন, মাসুদুর রহমান, আবু সাইদ, সেলিনা খাতুন ও আমেনা খাতুন। এছাড়া ইআরসিসি-২ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. নাসির উদ্দীন, জেজেএসের প্রতিনিধি মো. আল আমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সংকট দীর্ঘদিনের। এ সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
What's Your Reaction?