কান্ডারিবিহীন ডাসারের শশিকর উচ্চ বিদ্যালয়, নেতৃত্বে শূন্যতা—সাবেক প্রধান শিক্ষককে রাখার দাবি

Aug 19, 2026 - 12:47
 0  16
কান্ডারিবিহীন ডাসারের শশিকর উচ্চ বিদ্যালয়, নেতৃত্বে শূন্যতা—সাবেক প্রধান শিক্ষককে রাখার দাবি

কান্ডারিবিহীন ডাসারের শশিকর উচ্চ বিদ্যালয়, নেতৃত্বে শূন্যতা—সাবেক প্রধান শিক্ষককে রাখার দাবি

মাদারীপুর প্রতিনিধি:
কতশত ইতিহাস, ঐতিহ্য আর সাফল্যের সাক্ষী মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর উচ্চ বিদ্যালয়। ১৯৪৩ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার আলো ছড়িয়ে আসছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত অসংখ্য সাবেক শিক্ষার্থী, বিসিএস ক্যাডারসহ নানা পেশার কৃতী মানুষ এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তবে দীর্ঘ ঐতিহ্যের এই প্রতিষ্ঠানটিই বর্তমানে যেন অভিভাবকহীন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীথ তালুকদার গত ১ আগস্ট ২০২৬ তারিখে অবসরে যাওয়ার পর এখন পর্যন্ত কোনো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। একই সঙ্গে তার চাকরির মেয়াদও বাড়ানো হয়নি। ফলে প্রধান শিক্ষকবিহীন অবস্থায় প্রশাসনিক ও একাডেমিক নেতৃত্বে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে বিদ্যালয়টিতে।

তবে সাবেক প্রধান শিক্ষক সুনীথ তালুকদারের দায়িত্বকালীন সাফল্য বিবেচনায় তাকে আরও কিছুদিন বিদ্যালয়ের দায়িত্বে রাখার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের দাবি, বিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও শিক্ষার মান ধরে রাখতে অভিজ্ঞ ও দক্ষ এই শিক্ষকের প্রয়োজন রয়েছে।

বিদ্যালয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সুনীথ তালুকদার ২০১৮ সালের ১ সেপ্টেম্বর শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে শিক্ষা জীবন শেষ করা এই শিক্ষক দায়িত্ব নেওয়ার পর নানা প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ফলাফল উন্নয়নে কাজ করেন। এর মধ্যে করোনাকালীন সংকটও ছিল বড় চ্যালেঞ্জ। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে তিনি কাজ চালিয়ে যান।

তার দায়িত্বকালে এসএসসি পরীক্ষার ফলাফলেও উল্লেখযোগ্য সাফল্য আসে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনসহ শতভাগ পাস করে। সংশ্লিষ্টদের দাবি, তার দায়িত্বকালে প্রতিবছরই ভালো ফলাফল অর্জিত হয়েছে এবং কয়েকবার বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে সেরা অবস্থানেও উঠে এসেছে।

স্থানীয়দের ভাষ্য, একসময় শশিকর উচ্চ বিদ্যালয় শুধু ডাসার নয়, বৃহত্তর অঞ্চলের অন্যতম সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। এই বিদ্যালয়ের অনেক সাবেক শিক্ষার্থী পরবর্তী সময়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। অনেকে বিসিএস ক্যাডারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন। সেই ঐতিহ্য ধরে রাখতে বিদ্যালয়ের নেতৃত্বে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক থাকা প্রয়োজন বলে মনে করছেন তারা।

২০২৬ সালে বিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থী সোহাগ বাড়ৈ বলেন, “বিদ্যালয়ের স্বার্থে স্যারকে খুবই প্রয়োজন। তিনি খুব ভালো মানুষ। তার মতো একজন শিক্ষক বিদ্যালয়ে থাকলে শিক্ষার্থীরা উপকৃত হবে।”

আরেক সাবেক শিক্ষার্থী নিক্সন বলেন, “স্যার সবসময় আমাদের খোঁজখবর রাখতেন এবং শিক্ষার্থীদের প্রতি নজর দিতেন। বিদ্যালয়ের প্রতি তার অবদান অতুলনীয়। আমরা মনে করি, স্যারকে বিদ্যালয়ে প্রয়োজন।”

অভিভাবক পরিমল বিশ্বাস বলেন, “আমার ছেলে এই বিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। তাকে পড়ানোর সময় আমরা প্রধান শিক্ষক হিসেবে সুনীথ স্যারের কাজ কাছ থেকে দেখেছি। বিদ্যালয়ের শিক্ষার মান ধরে রাখতে অভিজ্ঞ এই শিক্ষককে আরও কিছুদিন রাখা প্রয়োজন বলে মনে করি।”

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য জয়ন্ত কুমার হালদার বলেন, “সুনীথ স্যারের অনেক যোগ্যতা রয়েছে। তিনি তার যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে বিদ্যালয়কে আরও কিছুদিন নেতৃত্ব দিলে শশিকর উচ্চ বিদ্যালয়ের মান-সম্মান ও ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে।”

এদিকে বিদ্যালয়টির সভাপতির দায়িত্বে রয়েছেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “বিদ্যালয়টির উন্নয়নের জন্য যেটি ভালো হবে, আমরা সেই দিকেই এগিয়ে যাব।”

স্থানীয়দের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শুধু ভবন, শ্রেণিকক্ষ কিংবা ভালো ফলাফলই যথেষ্ট নয়; প্রয়োজন দক্ষ নেতৃত্ব, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং অভিজ্ঞ শিক্ষকের দিকনির্দেশনা। তাই দীর্ঘদিনের ঐতিহ্যবাহী শশিকর উচ্চ বিদ্যালয়ে দ্রুত প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের পাশাপাশি অভিজ্ঞ সাবেক প্রধান শিক্ষককে রাখার দাবিটিও কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

১৯৪৩ সালের ৪ জানুয়ারি যাত্রা শুরু করা শশিকর উচ্চ বিদ্যালয় আজ ৮৩ বছরের ঐতিহ্যের ধারক। সময়ের সঙ্গে প্রতিষ্ঠানটি বহু কৃতী শিক্ষার্থী তৈরি করেছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত বিদ্যালয়টির নেতৃত্বের শূন্যতা পূরণ হবে এবং শশিকর উচ্চ বিদ্যালয় আবারও তার গৌরবময় ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow