কলকাতায় সম্মানিত হচ্ছেন বাংলাদেশের কথাসাহিত্যিক শাম্মী তুলতুল

May 10, 2026 - 15:46
 0  6
কলকাতায় সম্মানিত হচ্ছেন বাংলাদেশের কথাসাহিত্যিক শাম্মী তুলতুল

ভারতের মাটিতে বাংলাদেশের জন্য আরও এক গৌরবের অর্জন। লেখালেখিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘রবীন্দ্র রত্ন পুরস্কার ২০২৬’ পেলেন বাংলাদেশের জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল। ভারতের স্বনামধন্য সংগঠন মহাবঙ্গ সাহিত্য পরিষদ আয়োজিত রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপন্যাস বিভাগে তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য অঙ্গনে শাম্মী তুলতুল ইতোমধ্যেই পরিচিত এক নাম। দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকার পাশাপাশি ভারতের বিভিন্ন সংবাদপত্র ও সাহিত্য সাময়িকীতেও নিয়মিত লেখালেখি করে তিনি পাঠকপ্রিয়তা অর্জন করেছেন।
এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। ২০২২ সালের কলকাতা বইমেলায় প্রকাশিত তার গল্পগ্রন্থ ‘নরকে আলিঙ্গন’ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। বইটি বর্তমানে ভারতের অনলাইন প্ল্যাটফর্ম Flipkart-এও পাওয়া যাচ্ছে।
এছাড়াও কলকাতার একটি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে নতুন বই প্রকাশের জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বইটি প্রকাশিত হলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন লেখক।
সম্প্রতি তার একটি গল্প ভারতে গবেষণাকর্মে ব্যবহৃত হচ্ছে, যা তার সাহিত্যজীবনে নতুন মাত্রা যোগ করেছে। সাহিত্যচর্চায় অবদানের জন্য এর আগেও তিনি দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড (ভারত) এবং সোনার বাংলা সাহিত্য পুরস্কার।
পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে শাম্মী তুলতুল বলেন, “আমি অনেক পুরস্কার পেয়েছি, তবে আন্তর্জাতিক এই ‘রবীন্দ্র রত্ন পুরস্কার’ আমার সাহিত্যজীবনে নতুন সম্মান ও অনুপ্রেরণা যোগ করেছে। রবীন্দ্রনাথ আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ। তার সাহিত্য পড়েই আমরা বড় হয়েছি। এজন্য মহাবঙ্গ সাহিত্য পরিষদ ও মহাবঙ্গ চ্যারিটেবল ট্রাস্টের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
আগামী ১২ মে ২০২৬, দুপুর ১২টায় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে জমকালো আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মন্দিরা শীট ও জয়দেব ভট্টাচার্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow