লাল-সবুজ জার্সিকে বিদায় জানাচ্ছেন মাসুদ মিলন

Aug 17, 2026 - 00:18
 0  9
লাল-সবুজ জার্সিকে বিদায় জানাচ্ছেন  মাসুদ মিলন
বাংলাদেশ জাতীয় ভলিবলের সাবেক অধিনায়ক মাসুদ মিলন

সাম্প্রতিক কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। টুর্নামেন্টে রানার্সআপ হয়ে রৌপ্যপদক জয়ের এই সাফল্যকে স্বীকৃতি জানাতে দলকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। তবে ঐতিহাসিক এই সাফল্যের আনন্দের মধ্যেই আসছে বিদায়ের বার্তা। দেশের ভলিবল অঙ্গনের অন্যতম পরিচিত মুখ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাসুদ মিলন আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। কাভা চ্যাম্পিয়নশিপের এবারের আসরে মাঠে তাঁর উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন তিনি। হাই অ্যাটাকার বা আউটসাইড হিটার হিসেবে আক্রমণভাগে তাঁর শক্তিশালী ভূমিকা ছিল। তাঁর শক্তিশালী স্ম্যাশ ও নিখুঁত প্লেসিং প্রতিপক্ষের জন্য নিয়মিতই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে একাধিকবার সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি। মাঠের লড়াইয়ের পাশাপাশি দেশের ভলিবলেও মাসুদ মিলনের অবদান রয়েছে দীর্ঘদিনের। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সার্জেন্ট (মেডিকেল কোর) এবং সেনাবাহিনীর ভলিবল দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ঘরোয়া ভলিবলে বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে তাঁর সাফল্যের তালিকাও দীর্ঘ। জাতীয় দলের নেতৃত্বও দিয়েছেন দীর্ঘ সময়। তাঁর নেতৃত্বে ২০১৫-১৬ সালে ভারতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান গেমসে অংশ নেয় বাংলাদেশ জাতীয় ভলিবল দল। দীর্ঘ ও বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাওয়া এই অভিজ্ঞ খেলোয়াড়কে বিদায়ী সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও তাঁর সতীর্থরা। কাভা চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক রৌপ্যপদক জয়ের আনন্দের সঙ্গে মাসুদ মিলনের বিদায় যোগ করছে ভিন্ন এক আবেগ। মাসুদ মিলন বলেন, ‘বাংলাদেশ ভলিবল আজ যে জায়গায় দাঁড়িয়ে আছে, তার পেছনে দীর্ঘদিনের পরিশ্রম ও ঘাম ঝরানোর ইতিহাস রয়েছে। কাভা চ্যাম্পিয়নশিপের এই ঐতিহাসিক রৌপ্যপদক আমাদের বহু বছরের স্বপ্নের ফসল। লাল-সবুজের জার্সিতে মাঠে নামা সবসময়ই আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল।’ তিনি আরও বলেন, ‘সার্জেন্ট হিসেবে সেনাবাহিনীর হয়ে দেশের সেবা করার পাশাপাশি জাতীয় দলের এই জার্সি গায়ে জড়িয়ে দেশের জন্য লড়তে পারা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি। আজ যখন আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছি, তখন তৃপ্তি নিয়েই বিদায় নিচ্ছি। বিশ্বাস করি, আমাদের তরুণ খেলোয়াড়েরা এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং বাংলাদেশের ভলিবলকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow