বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান
নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে বেড়ে ওঠা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন দেশ ছাড়িয়ে গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে ভারত, পাকিস্তান, তুরস্কের পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স এমনকি মার্কিন প্রভাবশালী গণমাধ্যমেও উঠে এসেছে বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ প্রসঙ্গ। বিষয়টি নজরে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছে ইরানও। শুক্রবার (২২ মে) রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্ট থেকে মহিষটির ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বিরক্ত বোধ করছে বাংলাদেশি মহিষটি।’ শেয়ার করা ভিডিওটি রুশ সংবাদমাধ্যম আরটির। ইরান দূতাবাসের পোস্টের ক্যাপশনে আরটির শিরোনামটিও সংযুক্ত করা হয়। লেখা হয়, ‘ট্রাম্পের মতো দেখতে একটি বাংলাদেশি মহিষকে দেখতে ভিড় করছেন বহু লোকজন। এ কারণে তার খাওয়ার রুচি চলে গেছে।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় মালিক রসিকতা করে মহিষটির নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। ৭০০ কেজি ওজনের এই মহিষটির সোনালি রঙের চুল ও মুখের গড়ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ঢাকার কাছে নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা বলেছেন, ‘আমার ছোট ভাই মাথার চুল দেখে রসিকতা করে এই নাম রেখেছে। মহিষটি খুব শান্ত স্বভাবের। অ্যালবিনো মহিষ সাধারণত শান্তই হয়, উত্তেজিত না করলে রাগ করে না।’ ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ নিয়ে একটি প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘দেখুন: ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর মতো দেখতে বাংলাদেশের ভাইরাল মহিষগুলো সবার নজর কেড়েছে।’ ফ্রান্সের প্রভাবশালী বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ নিয়ে প্রতিবেদন করেছে। মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফের’ অনুকরণে এএফপির শিরোনামে মহিষটিকে ‘কমান্ডার ইন বিফ’ বলে উল্লেখ করা হয়। এছাড়া রয়টার্স শিরোনাম করেছে, ‘বাংলাদেশের বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ ঈদে আলোড়ন সৃষ্টি করেছে।’
What's Your Reaction?