সীতাকুণ্ডে জায়গা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ওপর হামলার অভিযোগ
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বার আউলিয়া মধ্যম সোনাইছড়ি এলাকায় বাড়ির জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে।
এতে ইউনুস মিয়া, তাঁর স্ত্রী ও তাঁদের ছেলে আহত হয়েছেন বলে অভিযোগ করেছে পরিবারটি।
গুরুতর আহত ইউনুস মিয়াকে চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে ইউনুস মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ করা হয়, ইউনুস মিয়ার ছোট ভাই বাবলু ও আলমগীরসহ ৪-৫ জন মিলে তাঁর ছেলেকে মারধর করছিলেন।
ছেলের চিৎকার শুনে ইউনুস মিয়া ও তাঁর স্ত্রী ঘটনাস্থলে এগিয়ে গেলে অভিযুক্তরা তাঁদের ওপরও হামলা চালান।
ভুক্তভোগী পরিবারের দাবি, এ সময় হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে ইউনুস মিয়া ও তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করেন।
তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান।
ঘটনাস্থলে জান্নাতুল ফেরদৌস ও জাহেদা বেগমসহ কয়েকজন উপস্থিত ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পরে আহতদের স্থানীয় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে ইউনুস মিয়ার স্ত্রী বাড়িতে ফিরলেও তাঁর স্বামীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই বিরোধ নতুন নয়।
বাড়ির জায়গা-জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে ইউনুস মিয়া ও তাঁর ছেলের ওপর একাধিকবার হামলার ঘটনাও ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সর্বশেষ হামলায় লাঠিসোঁটার আঘাতে ইউনুস মিয়া গুরুতর আহত হয়েছেন বলে তাঁদের অভিযোগ।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিরোধে জড়িত দুই পক্ষ একই পরিবারের সদস্য।
বাড়ির জায়গা ও জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় একাধিকবার উত্তেজনাও সৃষ্টি হয়েছে।
এদিকে ঘটনার বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে তাঁদের বাড়িতে গেলে ঘরে তালা ঝুলতে দেখা যায়।
পরিবারের সদস্যদের কাউকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
ঘটনার বিষয়ে আদালতে মামলা প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বিষয়ে সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের কে জানায় ভুক্তভোগীরা যদি অভিযোগ করে তদন্ত মাধ্যমে আইনিভাবে ব্যবস্থা নেওয়া।
What's Your Reaction?