দরবস্ত ফুটবল একাডেমির সংবর্ধনায় অভিনেতা সনি রহমান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমানকে সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী ‘দরবস্ত ফুটবল একাডেমি’।
শনিবর (১ আগস্ট) সন্ধ্যায় দরবস্ত ফুটবল একাডেমির প্রধান কোচ এনাম আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম শরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক অভিনেতা সনি রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, অভিনেতা ফুজেল আহমদ জিহাদ, দরবস্ত ফুটবল একাডেমির উপদেষ্টা আমিন আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মইনুল ইসলাম, সহ-সভাপতি শাহিন আহমদ, সুলেমান আহমেদ, সিনিয়র খেলোয়াড় কবির আহমদ, ইমদাদ আহমেদ ও জুবের আহমদ প্রমুখ। এ সময় একাডেমির অন্যান্য সদস্য, স্থানীয় ক্রীড়ামোদী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সনি রহমান বলেন, ক্রীড়া ও সংস্কৃতি একটি সুস্থ সমাজ গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলার মাঠের বিকল্প নেই। দরবস্ত ফুটবল একাডেমি যেভাবে প্রত্যন্ত অঞ্চলে ফুটবলের চর্চা ধরে রেখেছে এবং তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। ঢাকার চলচ্চিত্র অঙ্গনের পক্ষ থেকে আমি সবসময় এই একাডেমির পাশে থাকার এবং গ্রামীণ ফুটবলারদের জাতীয় পর্যায়ে তুলে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করব।
সভাপতির বক্তব্যে কোচ এনাম আহমদ বলেন, সনি রহমানের মতো একজন গুণী মানুষ আজ আমাদের মাঝে এসে তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করেছেন, যা আমাদের একাডেমির জন্য অত্যন্ত গৌরবের। আমরা বিশ্বাস করি তাঁর এই আগমন আমাদের খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সে আরো বড় অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দরবস্ত ফুটবল একাডেমির কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ সংবর্ধিত অতিথি সনি রহমানের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।
What's Your Reaction?