ঘাটাইলে দিগড় ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

Apr 27, 2026 - 21:14
 0  20
ঘাটাইলে দিগড় ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

আল-আমীন,স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৭নং দিগড় ইউনিয়ন পরিষদের ২০২৬–২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৭নং দিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ফারুক হোসেন (ফনি)। ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আব্দুস সাত্তার-এর পরিচালনায় উক্ত সভা শুরু হয় এবং তিনি সভায় বাজেট পরিবেশন করে উপস্থিত সকলকে বিস্তারিতভাবে শুনান। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপস্থাপিত বাজেট অনুযায়ী— ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল আয় ধরা হয়েছে ৫৭,৮০,২৪০.৫৭ টাকা এবং উন্নয়ন তহবিল আয় ১,৫২,৯৬,৯৯৯.৪৩ টাকা, যা মিলিয়ে মোট সম্ভাব্য আয় দাঁড়িয়েছে ২,১০,৭৭,২৪০.০০ টাকা। অন্যদিকে ব্যয়ের ক্ষেত্রে নিজস্ব তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ৫২,৬৩,২৪০.৫৭ টাকা এবং উন্নয়ন তহবিল ব্যয় ১,৫২,৯৬,৯৯৯.৪৩ টাকা, ফলে মোট ব্যয় দাঁড়াচ্ছে ২,০৫,৬০,২৪০.০০ টাকা। বাজেট শেষে নিজস্ব তহবিলে উদ্বৃত্ত ধরা হয়েছে ৫,১৭,০০০.০০ টাকা। সভায় বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন (ফনি) বলেন, “এই বাজেট জনগণের বাজেট। এলাকার উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ এবং দরিদ্র মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে এটি প্রণয়ন করা হয়েছে। সকলের মতামতকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং স্বচ্ছতার মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।” তিনি আরও বলেন, “আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি কার্যকর বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। তাই সকলকে পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।” এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য সাধারণ জনগণ। সভায় উপস্থিত জনগণ বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন এবং চেয়ারম্যান সেগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। উন্মুক্ত এই বাজেট সভার মাধ্যমে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow