নিরাপদ সড়ক নিয়ে সবাইকে সরব দেখতে চান ইলিয়াস কাঞ্চন, আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম; আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন’
শাহ সারওয়ার , ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে তিন দশকেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসা কিংবদন্তি চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেছেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলন তার অবর্তমানেও অব্যাহত রাখতে হবে। তিনি সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম এবং দেশের প্রতিটি সচেতন নাগরিককে এ আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
শুক্রবার রাজধানীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাসমাবেশে দেশের ৪০টি জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ সড়ক নিরাপত্তা আন্দোলনের কর্মীরা অংশ নেন। ইলিয়াস কাঞ্চন বলেন, “একত্রিশ বছর আগে ব্যক্তিগত জীবনের গভীর শোক ও বেদনাকে নিরাপদ সড়ক আন্দোলনের শক্তিতে পরিণত করেছিলাম। দীর্ঘ এই পথচলায় আন্দোলনটি এখন আর কোনো ব্যক্তি বা সংগঠনের নয়; এটি সারাদেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।” তিনি বলেন, “আমরা একে অপরের প্রতিপক্ষ নই। আমরা সবাই মানুষের জীবনরক্ষার সহযোদ্ধা।” আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, “আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন।” শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে ইলিয়াস কাঞ্চন বলেন, “আল্লাহ যেন আমাকে সুস্থ করে আবার সবার সঙ্গে আন্দোলনে অংশ নেওয়ার শক্তি দান করেন।” একই সঙ্গে তিনি দেশবাসীর নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়, মহাসচিব মোঃ লিটন এরশাদ। ১৯৯৩ সালের ২২ অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন ইলিয়াস কাঞ্চন। পরবর্তীতে দিনটি জাতীয় সড়ক নিরাপত্তা দিবস হিসেবে পালিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “নিরাপদ সড়ক কোনো ব্যক্তিগত দাবি নয়; এটি মানুষের মৌলিক অধিকারের আন্দোলন। বর্তমান সরকারের লক্ষ্য এমন একটি রাষ্ট্র গড়ে তোলা, যেখানে নাগরিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে না।” তিনি বলেন, “জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।” নিসচার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা শুধু নিজেদের জন্য নয়, অন্য মানুষের জীবন রক্ষার জন্য কাজ করছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামাজিক আন্দোলন।” অনুষ্ঠানে সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল ইসলাম জয়, মহাসচিব লিটন এরশাদ, প্রকৌশলী মাহবুব তালুকদার, চলচিএ অভিনেএী রুমানা ইসলাম মুক্তি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সড়ক নিরাপত্তা আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?