টাঙ্গাইলে নির্মাণকাজে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ দেওয়ান রিজভানের বিরুদ্ধে
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ায় একটি নির্মাণাধীন ওয়্যারহাউজ প্রকল্পে চাঁদা দাবি, কাজ বন্ধের হুমকি এবং সাইট ইঞ্জিনিয়ারকে মারধরের অভিযোগে দেওয়ান রিজভানের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দেওয়ান রিজভান টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের ছেলে। অভিযোগটি করেছেন আমানত ডিজাইন অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল হাই মিয়া। লিখিত অভিযোগে বলা হয়, গত ২৪ জুলাই সকালে আকুর টাকুর পাড়ার মুক্তা ক্লিনিক সংলগ্ন নির্মাণাধীন ওয়্যারহাউজ প্রকল্পে এসে দেওয়ান রিজভান চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এ সময় সাইট ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেবকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী দাবি করেন, এ ঘটনায় প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং নির্মাণকাজ ব্যাহত হচ্ছে। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া সাইট ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেবকে হত্যার হুমকিও দিয়েছে। অভিযোগের বিষয়ে দেওয়ান রিজভানের বক্তব্য পাওয়া যায়নি। টাঙ্গাইল সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?