তৈয়ব আলী ফকির নকশেবন্দী মোজাদ্দেদী (রঃ)-এর পবিত্র ফাতেহা শরিফ
ধর্মপ্রাণ মুমিন মুসলমানদের মাঝে গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে স্মরণ করা হয় হযরত শাহসূফী মাওলানা মোহাম্মদ তৈয়ব আলী ফকির নকশেবন্দী মোজাদ্দেদী (রঃ)-কে। তিনি ছিলেন হযরত শাহসূফী মাওলানা এনায়েতপুরী নকশেবন্দী মোজাদ্দেদী (রঃ)-এর এজাজতপ্রাপ্ত তরিকতের অন্যতম শিক্ষাদাতা এবং বিশ্ববরণ্য ওলী-আউলিয়া খাজা শাহ ইউনুস আলী এনায়েতপুরী (রঃ)-এর নিবেদিত প্রাণ খেদমতগার। তরিকতের মহান এই অগ্রদূত ২০১৮ সালের ২৫ অগ্রহায়ণ, রবিবার দুপুর ১২টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে আধ্যাত্মিক জগতে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল, তা আজও পূরণ হয়নি। তৈয়ব আলী ফকির (রঃ) আমৃত্যু তাঁর প্রিয় মুর্শিদ হযরত খাজা শাহ ইউনুস আলী এনায়েতপুরী (রঃ)-এর খেদমতে নিজেকে বিলীন করে দিয়েছেন। শেষ রাতের নিভৃত মুহূর্তে আল্লাহর জিকিরে, নবীজির প্রেমে এবং মুর্শিদের নির্দেশ পালনের ইশকী দ্বীপশিখায় তিনি নিজেকে জ্বালিয়েছেন। তিনি আল্লাহকে স্মরণ করে, “ইয়া আল্লাহু, ইয়া রাহমানু, ইয়া রাহিমু”—এই মহাস্মরণে রাতে কেঁদে কেঁদে বুক ভাসিয়েছেন। আর তাঁর ভক্তদেরকেওও সেই শিক্ষা দিয়ে গেছেন—প্রত্যেক নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ করা, নবীর প্রতি অকৃত্রিম ভালোবাসা, এবং মহান মুর্শিদের আদেশ নিষ্ঠাভরে পালন। তাঁর পবিত্র ওফাত দিবস উপলক্ষে আজ বুধবার বাদ আছর শহরের বগাবাইদ বোর্ডঘর মোজাদ্দেদীয়া খানকা শরিফে বিশেষ ফাতেহা শরিফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তরিকতের অনুসারী, ভক্ত-মুরিদ, স্থানীয় ধর্মপ্রাণ মানুষসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খানকার দায়িত্বশীলরা। তারা জানান, তৈয়ব আলী ফকির নামে পরিচিত এই আশেকে রাসুল (রঃ)-এর ইন্তেকাল দিবসে তাঁর রূহের মাগফিরাত, উঁচু মর্যাদা এবং তরিকতের খেদমতের বরকত কামনায় দোয়া হবে। তাঁর রেখে যাওয়া আধ্যাত্মিক শিক্ষা, আল্লাহ-রাসুল প্রেম ও মানবতার পথ অনুসরণ করতে মানুষকে উদ্বুদ্ধ করা হবে বিশেষ ওয়াজ ও নসিহতের মাধ্যমে। মাহফিলের আয়োজকরা বলেন— “হযরত তৈয়ব আলী ফকির (রঃ) ছিলেন আল্লাহর এক অন্তরঙ্গ বান্দা। তাঁর দোয়া, তার খেদমত এবং করুণা আমাদের জীবনের জন্য ধন্য । আজকের এই ফাতেহা মাহফিলে আমরা তাঁর রূহানী বরকতের জন্য বিশেষ দোয়া করবো।” শেষে লাখো হৃদয়ের প্রার্থনা— হে মহান আল্লাহ, হে রাব্বুল আলামীন—হযরত তৈয়ব আলী ফকির নকশবন্দী আল মোজাদ্দেদী (রঃ)-এর উপর আপনার খাস রহমত, খাস সন্তুষ্টি ও খাস নূরের বরকত কিয়ামত পর্যন্ত নাযিল করুন। তাঁর তরিকতের আলো আমাদের হৃদয় দীপ্ত করে উঠুক। নিশ্চয়ই তাঁকে আপনি উত্তম অবস্থানে রেখেছেন। মেহেদী হাসান জামালপুর। ১০-১২-২০২৫
What's Your Reaction?