অনলাইন মাধ্যমে গুজব ছড়ানোর প্রতিবাদে কটিয়াদীতে মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
অনলাইন মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত এ মানববন্ধনে কটিয়াদী পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বন্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, একটি ধর্ষণ মামলাকে কেন্দ্র করে বিভিন্ন অনলাইন মাধ্যমে কটিয়াদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের বিরুদ্ধে যে সংবাদ ও প্রচারণা চালানো হচ্ছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। গুজব ও অপপ্রচারের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান। এতে স্হানীয় এলাকাবাসী ও সচেতন মহল মানববন্ধনে বক্তব্য রাখেন।
What's Your Reaction?