জমকালো আয়োজনে ‘নীল চোখ’-এর মহরত
রাজধানীর মগবাজারের জলপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নীল চোখ’-এর শুভ মহরত।
চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক উজ্জ্বল। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে চলচ্চিত্রটির মহরতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনেতা ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আদনান আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকন, বঙ্গবিডির হেড অব কনটেন্ট মো. আলী হায়দার, নির্মাতা খন্দকার সুমন এবং অভিনেতা এ বি এম সোহেল রশিদসহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।
চলচ্চিত্রটির নির্মাতা সুপিন বর্মন বলেন, ‘নীল চোখ’ একটি স্বাধীনধারার সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে সেমি-হরর ঘরানার উপাদানের পাশাপাশি পর্যটননির্ভর গল্পও উঠে আসবে। কাল্পনিক কাহিনিকে কেন্দ্র করে নির্মিত এ চলচ্চিত্রের মাধ্যমে দর্শক হবিগঞ্জ জেলার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সাতছড়ি জাতীয় উদ্যানের রূপ ও রহস্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি চা-বাগানের সবুজ টিলা এবং স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর লোকজ সংস্কৃতিও চলচ্চিত্রটিতে তুলে ধরা হবে। তাঁর ভাষায়, ভ্রমণপ্রেমী দর্শকদের জন্য এটি হবে ভিন্নধর্মী এক সিনেমাটিক অভিজ্ঞতা।
মহরত অনুষ্ঠানে চলচ্চিত্রটির শিল্পী-কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন বিভান বাদল, নুসরাত রিতিকা, আবির চৌধুরী, মারুফ আকিব, বিধান রায়সহ আরও অনেকে।
প্রযোজনা প্রতিষ্ঠান ক্রেডো ক্রিয়েটিভ ফিল্ম ও বর্মন ফিল্ম জানিয়েছে, আগামী ২৫ আগস্ট চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের শুরুতে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য রয়েছে।
What's Your Reaction?