উলিপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মারধরের অভিযোগে থানায় জিডি

Aug 4, 2026 - 00:11
 0  5
উলিপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মারধরের অভিযোগে থানায় জিডি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, মারধর এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (৩ আগস্ট ২০২৬) দৈনিক বায়ান্নোর আলো ও একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের স্টাফ রিপোর্টার আব্দুল মান্নান উলিপুর থানায় এ সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর-১১২, তারিখ ৩ আগস্ট ২০২৬। জিডি সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই ২০২৬ তারিখে রামদাস ধনিরাম বলদীপাড়া মসজিদ থেকে চিলমারী সড়কের ব্র্যাক অফিস পর্যন্ত সড়ক ও একটি ব্রিজ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ভিডিও ধারণ ও স্থানীয়দের বক্তব্য নেওয়ার সময় ওই এলাকার মৃত মহুর আলীর ছেলে এবং উপজেলা পরিষদের মাস্টার রোলভুক্ত পিয়ন মো. ফয়জার আলী সংবাদ প্রকাশে বাধা দেন। অভিযোগে বলা হয়েছে, বাধা দেওয়ার কারণ জানতে চাইলে ফয়জার আলী দাবি করেন, ওই এলাকায় তার কেনা জমি রয়েছে এবং পাশের আরেকটি রাস্তার কাজ আগে করতে হবে। বর্তমান সড়ক নিয়ে সংবাদ প্রকাশ করা যাবে না। এ সময় তিনি সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেন, মারধর করেন এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে যান। পরে এলাকাবাসী তার বিরুদ্ধে গ্রাম্য সালিশের উদ্যোগ নেন এবং গণস্বাক্ষর সংগ্রহ করেন। তারা জানান, গণস্বাক্ষরসংবলিত অভিযোগ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক এবং উলিপুর থানায় জমা দেওয়া হবে। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ ইবনে সিদ্দিক বলেন, সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow