১৬ আগস্ট কিশোরগঞ্জে তারেক রহমান' পাকুন্দিয়া-কটিয়াদী-সদরে জনকল্যাণমূলক কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি
কিশোরগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জে শুভাগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ১৬ আগস্ট ২০২৬ তিনি জেলার পাকুন্দিয়া, কটিয়াদী ও কিশোরগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ সফরকে কেন্দ্র করে শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় কিশোরগঞ্জ জেলা কালেক্টরেটের সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সোহানা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশীদ। সভায় মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর সফরকালে কৃষি ভাতা ও পরিবার কার্ড বিতরণ, শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ, বৃক্ষরোপণ এবং মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হবে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আইনশৃঙ্খলা, নিরাপত্তা, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ ও বিভিন্ন কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপত্তা কার্ড প্রদানের বিষয়টি কীভাবে নিশ্চিত করা হবে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সংবাদকর্মীরা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে প্রধানমন্ত্রীর সফর কাভার করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক খালিদ সাইফুল্লাহ সোহেল খানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর সফর সফল, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
What's Your Reaction?