হাটুভাঙ্গা ব্রিজে টোল আদায়ে বিলম্ব, লাঠির আঘাতে শিশুর মাথা ফাটার অভিযোগ
বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা ব্রিজ টোল প্লাজায় টোল দিতে সামান্য বিলম্ব হওয়াকে কেন্দ্র করে অটোরিকশায় থাকা এক শিশুকে লাঠি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। এতে শিশুটির মাথা ফেটে আহত হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশা হাটুভাঙ্গা ব্রিজ পার হওয়ার সময় টোল পরিশোধে সামান্য বিলম্ব হয়। এ সময় টোল আদায়ের দায়িত্বে থাকা এক ব্যক্তি অটোরিকশাটির পেছনে লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। ওই লাঠির আঘাত অটোরিকশায় থাকা এক শিশুর মাথায় লাগে। এতে শিশুটি আহত হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, টোল আদায়ের মতো একটি নিয়মিত কার্যক্রমকে কেন্দ্র করে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত শিশুর পরিবারের দাবি, বিষয়টি তদন্ত করে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এদিকে স্থানীয়দের আরও অভিযোগ, টোল প্লাজায় দায়িত্ব পালনকারী এক নারী কর্মী প্রায়ই সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক ও উশৃঙ্খল আচরণ করেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এলাকার সম্মানিত ব্যক্তিরাও পরিচয় দেওয়ার পর অনেক সময় তার দুর্ব্যবহারের শিকার হন। এ ঘটনায় টোল প্লাজায় কর্মরতদের আচরণ ও দায়িত্ব পালনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ইজারাদার মাসুদুর রহমান দারগ আলীর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, হাটুভাঙ্গা ব্রিজের টোল আদায়কে কেন্দ্র করে অতীতেও স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও আন্দোলনের ঘটনা ঘটেছে। সর্বশেষ শিশুকে আঘাতের অভিযোগে নতুন করে টোল প্লাজার ব্যবস্থাপনা ও কর্মীদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।
What's Your Reaction?