এসএসসিতে জিপিএ ৫, অভিনয়েও ব্যস্ত নওরিন

Aug 18, 2026 - 21:30
 0  11
এসএসসিতে জিপিএ ৫, অভিনয়েও ব্যস্ত নওরিন

পড়াশোনা, নাচ ও অভিনয়, তিন অঙ্গনেই সমানতালে এগিয়ে যাচ্ছেন তরুণ অভিনেত্রী সোরমিলা ইসলাম নওরিন। সম্প্রতি এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছেন তিনি। অভিনয়ের ব্যস্ততার মাঝেও এমন ফলাফল অর্জন করায় উচ্ছ্বসিত নওরিন ও তার পরিবার। বর্তমানে কলেজে ভর্তির অপেক্ষায় রয়েছেন তিনি।

ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত নওরিন। মাত্র পাঁচ বছর বয়সে নাচের মাধ্যমে তার যাত্রা শুরু। নৃত্যগুরু আজিজ রেজার কাছে নাচের তালিম নিয়েছেন তিনি। নাচের জন্য ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কারও অর্জন করেছেন।
অভিনয়ে নওরিনের পথচলা শুরু মাত্র ছয় বছর বয়সে। এনটিভির একটি নাটকের মাধ্যমে অভিনয়ে তার অভিষেক হয়। এরপর ধীরে ধীরে নাটক, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে কাজ করে নিজের জায়গা তৈরি করছেন এই তরুণী।
সম্প্রতি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েলের সঙ্গে ‘পরান পাখি’ নাটকে অভিনয় করেছেন নওরিন। নাটকটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। বিভিন্ন ওয়েব সিরিজের শুটিংও শেষ করেছেন যা শীঘ্রই প্রচারে আসবে বলে নওরিন জানান।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে নওরিন বলেন, ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত আছি। ভবিষ্যতে শুধু একজন নায়িকা নয়, একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে দেখতে চাই। অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও ভালো করতে চাই। প্রশাসনিক কাজের প্রতিও আমার আগ্রহ রয়েছে। তাই ভবিষ্যতে নিজেকে প্রশাসনিক কাজেও দেখতে চাই।
নিজের সাফল্যের পেছনে মায়ের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন নওরিন। তার ভাষায়, ‘আমার মা সবসময় আমার পাশে ছিলেন বলেই আজ আমি এতদূর আসতে পেরেছি। মায়ের সাপোর্ট ছাড়া নাচ ও অভিনয়ে আসা এবং এতদূর এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হতো না।
নওরিনের গ্রামের বাড়ি ফেনীতে হলেও তার বেড়ে ওঠা ঢাকায়।  মাইলস্টোন স্কুল ও রাজাবাগ পুলিশ লাইন্স স্কুলে পড়াশোনা শেষ করে এবার কলেজজীবনে পা রাখার অপেক্ষায় রয়েছেন তিনি।
পড়াশোনায় সাফল্যের পাশাপাশি নাচ ও অভিনয়ে নিজের দক্ষতা আরও বাড়িয়ে ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই এখন নওরিনের লক্ষ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

SalimShakib সেলিম শাকিব একজন তরুণ সাংবাদিক, অনলাইন ফিল্ম অ্যাক্টিভিস্ট ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বাংলাদেশি চলচ্চিত্রভিত্তিক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘বিডি ফিল্মবাজ’-এর টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। চলচ্চিত্র নিয়ে নিয়মিত কাজের পাশাপাশি নির্মাণ ক্ষেত্রেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন।