অভিনয়ে শামীম জামানের স্ত্রী আমিনা লাবিব
দীর্ঘদিন ধরে শুটিং সেটে নিয়মিত যাতায়াত ছিল শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের। তবে পরিচয়টা ছিল অভিনেত্রী হিসেবে নয়, অভিনেতা ও নির্মাতা শামীম জামানের জীবনসঙ্গী হিসেবে। ক্যামেরার পেছনের সেই পরিচিত পরিবেশ ছেড়ে এবার প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। শামীম জামান পরিচালিত পারিবারিক ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’ দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছে আমিনা লাবিবের।
স্ত্রীর এই নতুন যাত্রা নিয়ে বেশ উচ্ছ্বসিত শামীম জামান। তবে তিনি স্পষ্ট করে জানালেন, পরিবারের সদস্য হওয়ার কারণে নয়, একজন নতুন শিল্পী হিসেবে আমিনাকে মূল্যায়ন করতে চান তিনি।
শামীম জামান বলেন, “আমিনা অনেক বছর ধরেই আমার সঙ্গে শুটিং সেটে আসত। অভিনয়ের পরিবেশ, ক্যামেরা, শিল্পীদের কাজ সবকিছু খুব কাছ থেকে দেখেছে। কিন্তু কখনো অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেনি। এবার গল্পের একটি চরিত্রের জন্য নতুন মুখ দরকার ছিল। তখন আমার বন্ধু মোশাররফ করিম ও জুই ভাবির ওকে প্রস্তাব দিই। প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও ওদের অনুপ্রেরণায় এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছে আমার স্ত্রী।
তিনি জানান, ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রথম অভিজ্ঞতায় আমিনার মধ্যে স্বাভাবিকভাবেই কিছুটা নার্ভাসনেস ছিল। তবে পুরো ইউনিটের সহযোগিতা এবং সহশিল্পীদের আন্তরিকতায় খুব দ্রুত সেই সংকোচ কাটিয়ে উঠেছেন তিনি।
“প্রথম দিন ওকে একটু চিন্তিত মনে হয়েছিল। কিন্তু কয়েকটি দৃশ্য করার পর আত্মবিশ্বাস ফিরে আসে। নতুন হিসেবে ও খুব মনোযোগ দিয়ে কাজ করেছে। আমি পরিচালক হিসেবে যেভাবে নির্দেশনা দিয়েছি, সেভাবেই চেষ্টা করেছে। একজন নতুন শিল্পীর জন্য এটা ইতিবাচক দিক,” বলেন শামীম জামান।
তিনি আরও বলেন, অভিনয়কে বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে এটি তার চেয়ে অনেক বেশি কঠিন। সেই বাস্তবতা আমিনা এবার নিজের অভিজ্ঞতা থেকেই উপলব্ধি করতে পেরেছেন।
“অনেকেই মনে করেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে সংলাপ বললেই অভিনয় হয়ে যায়। কিন্তু একটি দৃশ্যের পেছনে কত প্রস্তুতি, কত টেক, কত পরিশ্রম থাকে, সেটা না করলে বোঝা যায় না। আমিনাও এখন সেই বিষয়গুলো বুঝতে পেরেছে। আমি মনে করি, এই অভিজ্ঞতা ওকে আরও পরিণত করবে,” যোগ করেন তিনি।
শামীম জামান জানান, নতুন শিল্পী হিসেবে আমিনা নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে তিনি কোনো ধরনের বিশেষ সুবিধা পাননি।
“আমি কখনো চাই না, কেউ ভাবুক আমার স্ত্রী বলে তাকে আলাদা সুবিধা দেওয়া হয়েছে। সেটে সবার জন্য একই নিয়ম। কাজ দিয়েই একজন শিল্পীকে নিজের জায়গা তৈরি করতে হয়। আমিনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি,” বলেন তিনি।
নাটকটিতে অভিনয়ের জন্য জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী জুই করিমের উৎসাহও বড় ভূমিকা রেখেছে বলে জানান আমিনা। তাদের সঙ্গে একই প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতাকে তিনি নিজের অভিনয়জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি হিসেবে দেখছেন। তিনি বলেন, আমি মূলত মোশাররফ করিম ভাই ও জুই ভাবির অনুপ্রেরণায় এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় একটি অভিজ্ঞতা। তারা আমাকে খুব আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, যার কারণে নতুন হলেও কাজ করতে আত্মবিশ্বাস পেয়েছি।
তিনি আরও বলেন, ‘আগে অনেকবার শুটিং দেখতে এসেছি। দূর থেকে মনে হতো অভিনয় খুব সহজ একটি কাজ। কিন্তু এবার নিজে অভিনয় করে বুঝলাম, এটি অনেক পরিশ্রমের। সকালে খুব তাড়াতাড়ি শুটিংয়ে আসতে হয়, আবার অনেক রাত পর্যন্ত কাজ করে বাসায় ফিরতে হয়। একটি দৃশ্য ঠিকভাবে ধারণ করতে বারবার টেক দিতে হয়। সব মিলিয়ে কাজটি যেমন কঠিন, তেমনি দারুণ উপভোগ্যও।’
‘এক পাতিলের সংসার’ একটি পারিবারিক গল্পনির্ভর ধারাবাহিক। পারিবারিক সম্পর্ক, হাসি-কান্না, ভালোবাসা এবং জীবনের নানা টানাপোড়েনকে ঘিরেই এগিয়েছে এর গল্প।
What's Your Reaction?