জামালপুরে জুই এন্টারপ্রাইজে পেট্রোল লুকিয়ে বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার
জামালপুর সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজে পেট্রোল সংকটের অভিযোগে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ তেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তেল বিক্রি না করার দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে জরিমানা করা হয়। শনিবার সকালে পেট্রোলের জন্য মোটরসাইকেল চালকেরা জুই এন্টারপ্রাইজের সামনে ভিড় জমালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে কোনো পেট্রোল নেই। তবে বিষয়টি সন্দেহজনক মনে হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানটির ভেতরে তল্লাশি চালিয়ে ১২টি ড্রামে সংরক্ষিত প্রায় ২৫০০ লিটার পেট্রোলের মজুদ পাওয়া যায়। প্রশাসনের উপস্থিতিতে নিশ্চিত হওয়া যায়, পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তা বিক্রি করা হচ্ছিল না, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লঙ্ঘন। এ অপরাধে মেসার্স জুই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সুশৃঙ্খলভাবে সরকার নির্ধারিত মূল্যে মোটরসাইকেল চালকদের মাঝে পেট্রোল বিক্রি শুরু করা হয়। এতে স্বস্তি ফিরে আসে ভোগান্তিতে পড়া সাধারণ চালকদের মাঝে। জেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অসাধু মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মেহেদী হাসান জামালিপুর। ২৮-০৩-২০২৬
What's Your Reaction?