কার্যক্রম নিষিদ্ধ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার, জামিন না মঞ্জুর
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ কার্যক্রম নিষিদ্ধ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামকে পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সাথে তার চারটি মামলায় জামিন আবেদনও না’মঞ্জুর করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার চীফ জুড়িডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক বিলাস মন্ডল এ আদেশ দেন। গ্রেপ্তারকৃত মোঃ নজরুল ইসলাম (৭৩) সাতক্ষীরা সদর উপজেলার উত্তর ফিংড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা। তিনি সাতক্ষীরা জেলা পরিষদের সর্বশেষ চেয়ারম্যান ছিলেন। সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই নজরুল ইসলামকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ ঢাকার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে পাঠায়। পরবর্তীতে তাকে সাতক্ষীরা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারের জন্য সাতক্ষীরায় আনা হয়। এসব মামলার মধ্যে ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি পুরাতন সাতক্ষীরার আবির হাসানকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা, ২০২০ সালের ২৬ মার্চ ধুলিহরের অহিদ হত্যা, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর গভীর রাতে সাতক্ষীরার আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে শিকড়ি কুলবাগানে গুলি করে হত্যা, ২০১৪ সালের ১৩ জুন গভীর রাতে সদর উপজেলার পাথরঘাটা গ্রামের ইসলাম মোড়লকে বাড়ি থেকে তুলে নিয়ে মাধবকাটিতে গুলি করে হত্যা এবং ২০১৩ সালের ২৪ ডিসেম্বর বিএনপি-জামায়াতের হরতাল চলাকালিন ঝাউডাঙা বাজারে গোবিন্দকাটি গ্রামের ভ্যানচালক হাফিজুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী আদালতের মাধ্যমে থানায় দায়েরকৃত এ পাঁচটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য গত বুধবার সাতক্ষীরার চীফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংশ্লিষ্ঠ মামলার তদন্তকারি কর্মকর্তারা আবেদন জানান। সে অনুযায়ি গত বৃহষ্পতিবার ঢাকার কারাগার থেকে তাকে সাতক্ষীরা কারাগারে আনা হয়। এরপর সোমবার সকাল সাড়ে ৯টায় তাকে সাতক্ষীরা কারাগার থেকে আদালতে আনা হয়। একইসাথে তার আইনজীবীরা আদালতে চারটি মামলায় জামিন আবেদন জানালে শুনানী শেষে সব কটি মামলায় জামিন আবেদন না’মঞ্জুর করা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের পুলিশ উপ-পরিদর্শক মোঃ মাজেদুল ইসলাম। এছাড়া আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. সাহেদসহ ২৫/৩০ জন আইনজীবি। সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন জানান, আসামী মোঃ নজরুল ইসলামের জামিন আবেদন না’মঞ্জুর হওয়ার পর সোমবার দুপুর একটার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।### ১০.০৮.২৬
What's Your Reaction?