মহিপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আদালতের স্থিতাবস্থা আদেশ থাকা একটি বিরোধপূর্ণ জমিতে ফের দুটি টিনের স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক দাবিদার মো. মজিবুর রহমানের পরিবারের সদস্যরা।
সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিরোধীয় জমি সংলগ্ন সড়কে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মজিবুর রহমানের চাচি ফাতেমা বেগম। এ সময় একই জমি নিয়ে দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় স্থানীয় কয়েকজন আসামিও উপস্থিত ছিলেন। তারা ওই মামলা ‘মিথ্যা, হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাতেমা বেগম বলেন, মহিপুর থানার ইউছুফপুর মৌজার জে.এল. নং-২৭-এর বি.এস. দাগ নং-৩৭২ ও ৮১৬ এবং খতিয়ান নং-১২৯, ২৩০৩ ও ২০৭-এর মোট ১.২৫ একর জমি নিয়ে কলাপাড়া সিনিয়র সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। তিনি দাবি করেন, মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হলে গত ২২ জুলাই আদালত বিরোধীয় জমিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আদালতের ওই নির্দেশনার পরেও মো. ইমরান হাওলাদার, হানিফ ও ইব্রাহিম কয়েকজন লোক নিয়ে বিরোধীয় জমিতে প্রবেশ করে টিন ও কাঠ দিয়ে পাটাতন তৈরি করে দুটি ঘর নির্মাণ করেন বলে অভিযোগ করেন তিনি। ফাতেমা বেগমের অভিযোগ, এর আগেও স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হয়েছিল। তবে তাতে কোনো সমাধান হয়নি। পরে আবারও বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণ করা হয়। এ সময় তাকে ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। এছাড়া জমি নিয়ে বিরোধের একই ঘটনাকে কেন্দ্র করে ৮ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা করা হয়েছে বলেও জাননা তিনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতের স্থিতাবস্থা আদেশ যথাযথভাবে বাস্তবায়ন, বিরোধপূর্ণ জমিতে নতুন করে কোনো স্থাপনা নির্মাণ না করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
What's Your Reaction?