উজ্জ্বল ও পরিবারের ওপর হামলা: কিশোরগঞ্জে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইউনিক কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের পরিচালক মো. দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইউনিক কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপির অনুলিপি কিশোরগঞ্জের পুলিশ সুপারের কাছেও দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি একদল দুর্বৃত্ত ইউনিক কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের পরিচালক মো. দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়েছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। ঘটনার পর থেকে তাঁর পরিবারের সদস্যরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও দাবি করা হয়।
এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষানুরাগী ব্যক্তির ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হামলায় আহত উজ্জ্বল ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের আহ্বান জানানো হয়।
স্মারকলিপিতে জেলা প্রশাসকের কাছে হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
ইউনিক কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে মো. আরিফুল ইসলাম ও নুরুল ইসলাম নূরুলসহ সংশ্লিষ্টরা স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
What's Your Reaction?