সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলায় আহত-১০, গ্রেপ্তার-৩

Aug 9, 2026 - 19:22
 0  9
সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলায় আহত-১০, গ্রেপ্তার-৩

মোঃকামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে সদর উপজেলার ঘোনা ইউনিয়নের শ্রীডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন ছাত্রদল নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন আহত জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পি। ইতিমধ্যে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার ঘোনা ইউনিয়নের শ্রীডাঙ্গা গ্রামের মোঃ হাসানুজ্জামানের ছেলে জাহাঙ্গীর আলম, একই এলাকার মৃত আছির উদ্দিন সরদারের ছেলে শাহিনুর রহমান ও মৃত জোহর আলীর ছেলে মোঃ শামসুর রহমান সরদার।
গুরুতর আহতরা হলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পি এবং ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসানসহ তিন জন। তবে আহতদের সবার নাম পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের নেতাকর্মীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের শ্রীডাঙ্গা এলাকা দিয়ে যাওয়ার সময় রাত সাড়ে ১০ টার দিকে একদল সন্ত্রসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১০ জন ছাত্রদলের নেতাকর্মী আহত হয়। হামলায় কয়েকজন গুরুতর আহত হন।
এদিকে, ছাত্রদলের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার খবর শুনে রাতেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আবু রায়হান জানান, রাত সাড়ে ১০টার দিকে আমাদের নেতাকর্মীদের ওপর মাদক ব্যবসায়ী ও আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিক, রাতের আঁধারে ছাত্রদল নেতাদের ওপর এমন বর্বর ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা বিএনপি, ছাত্রদল ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে এজাহারভুক্ত ১৪ আসামির মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকী আাসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।##
০৯.০৮.২৬,

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow