রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে বই বিতরণ উৎসব–২০২৬ অনুষ্ঠিত
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী “নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন”—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুরে অবস্থিত রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে বই বিতরণ উৎসব–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনে বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের আনুষ্ঠানিকতা পরিহার করে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এসময় নতুন বইয়ের মিষ্টি ঘ্রাণ ও শিক্ষার্থীদের প্রাণচঞ্চল উচ্ছ্বাসে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। সকাল থেকেই বিদ্যালয় চত্বরে ছিল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়ার মুহূর্তে তাদের উজ্জ্বল হাসি ও আনন্দভরা চোখই ছিল এই আয়োজনের সবচেয়ে বড় সাফল্য। বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন–বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মালেক হাওলাদার, পরিচালক মাইনুদ্দিন আল আতিক, উপদেষ্টা পরিষদের সদস্য ও মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী মো. খলিলুর রহমান, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হাফেজ মো. মহসিন, সহকারী প্রধান শিক্ষক রুপালি রেশমা এবং সহকারী শিক্ষক সাদিয়া আক্তার ও মরিয়ম বেগম। বিদ্যালয়ের পরিচালক মাইনুদ্দিন আল আতিক বলেন, ‘মানসম্মত, নৈতিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুল সর্বদা অঙ্গীকারবদ্ধ। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সেই অঙ্গীকারেরই বাস্তব প্রতিফলন। নতুন বই শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়াবে এবং তাদের মেধা ও মননশীলতা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।’ বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে উচ্ছ্বাসের হাসি। এ আনন্দে শামিল হন অভিভাবকরাও। সময়মতো পাঠ্যবই বিতরণ করায় তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
What's Your Reaction?