বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আগৈলঝাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা
আগৈলঝাড়া প্রতিনিধি : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বরিশালের আগৈলঝাড়া উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার বারপাইকা বাজারস্থ শ্রী শ্রী হরি মন্দিরে এই প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি তপন সরকার (বিন্দু)-এর উদ্যোগে আয়োজিত এই প্রার্থনায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি তপন সরকার (বিন্দু), রত্নপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোকন সরকার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কমল পান্ডে, সাংগঠনিক সম্পাদক ভবতোষ পান্ডে, রতন বাড়ৈ সহ বারপাইকা বাজার কমিটির সদস্যরা এছাড়াও বিভিন্ন মন্দিরের পূজারী, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ প্রার্থনায় অংশ নেন। প্রার্থনা শেষে উপস্থিত ভক্তরা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও গুরুত্বপূর্ণ অধ্যায়। রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর নেতৃত্ব, সাহস ও অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
What's Your Reaction?