বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলা একাডেমিতে শোক বইয়ে কবি–সাহিত্যিকদের স্বাক্ষর

Jan 1, 2026 - 16:05
 0  24
বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলা একাডেমিতে শোক বইয়ে কবি–সাহিত্যিকদের স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের কালো ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো দেশ। শহর থেকে গ্রাম—সর্বত্রই নেমে এসেছে গভীর নীরবতা ও শোকের আবহ। রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন চলছে সারা দেশে। এই জাতীয় শোকের সময়ে কবি ও সাহিত্যিকরাও তাঁদের বেদনা প্রকাশ করছেন কবিতার পংক্তি ও শোকলিপির মাধ্যমে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি ও সাহিত্যিকদের জন্য রাখা শোক বইয়ে শোক প্রকাশ করে স্বাক্ষর করেন কবি-সাহিত্যিকরা। কথাসাহিত্যিক ও বিশিষ্ট অভিনেতা এবিএম সোহেল রশিদ শোক বইয়ে লেখেন—‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালনকারী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উদারীকরণ ও প্রবৃদ্ধি, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিকাশ, নারী ক্ষমতায়ন, সংস্কৃতির বিকাশের এক মহাকাব্য। তুমি আছ বাংলাদেশের হৃদয় জুড়ে।’ এছাড়াও শোক জানিয়ে স্বাক্ষর করেন প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, কবি, সাংবাদিক ও সংগঠক মো. বেল্লাল হাওলাদার। তিনি শোক বইয়ে লেখেন—‘বেগম খালেদা জিয়া: একটি নাম, একটি ইতিহাস; তার এই চিরবিদায় বিশাল এক শূন্যতার সৃষ্টি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিনম্র শ্রদ্ধা।’ শোক বইয়ে আরও স্বাক্ষর করেন কবি মাকসুদুর রহমান টিপু, কবি শাহ মোহাম্মদ বিল্লাল, বাংলাদেশ সমাচারের সিনিয়র সাংবাদিক মো. আমিনুল ইসলাম, কবি জাহিদ হোসেনসহ আরও অনেক কবি ও সাহিত্যিক। উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow