কয়রায় নিখোঁজ শিশু উদ্ধারে পুলিশের গাফিলতির অভিযোগ
কয়রা(খুলনা)প্রতিনিধি :
খুলনার কয়রায় নিখোঁজ শিশু সামিরাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। পুলিশের গাফিলতির অভিযোগ তুলে ৩ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১১টায় উপজেলার ঘুগরাকাটি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিখোঁজের পর নয় দিন অতিবাহিত হওয়ার পরেও পুলিশের তৎপরতায় গাফিলতি দেখে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী ও স্বজনরা। সামিরাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত পূর্বক অক্ষত অবস্থায় উদ্ধার করে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
নিখোঁজ শিশু সামিরার মা বিলকিস বেগম বলেন, গত ২৬ আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে সামিরা বাসা থেকে তার চাচা নসরুল্লাহ'র চায়ের দোকানে যায়। যা ঘুগরাকাটি বাজারে অবস্থিত। এরপর থেকে সামিয়াকে আর খুঁজে পাওয়া যায় নি। পরেরদিন সামিরার পরিবারের পক্ষ থেকে কয়রা থানায় একটি জিডি করা হয়, যার নং ১১৪৫। কিন্তু ৯ দিন অতিবাহিত হওয়ার পরেও উদ্ধার কার্যক্রমে পুলিশের তৎপরতা নেই। পার্শ্ববর্তী থানা গুলোতে এখনো জিডির কপি পাঠানো হয়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং নিখোঁজ সামিরার সন্ধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। শোকে সামিয়ার বাবা- মা পাগলের মত ছুটে বেড়াচ্ছে। অথচ পার্শ্ববর্তী থানা গুলোতে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে জিডির কপি পৌঁছানো হয়নি। ফলে পার্শ্ববর্তী থানাগুলো সামিরাকে উদ্ধারে কোন ভূমিকা রাখতে পারছে না। যেটা অত্যন্ত দুঃখজনক। তাদের দাবি, প্রশাসন কোন গুরুত্ব দিচ্ছে না। ৯ দিন পরেও প্রশাসনিক তেমন কোন সহযোগিতা তার পরিবার পায়নি।
মানববন্ধনে স্বামীরার পরিবার, তার আত্মীয়-স্বজন, সহপাঠী শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ বিষয়ে কথা বলার জন্য কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হকের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে তার হোয়াটসঅ্যাপে মেসেজ করার পরেও কোন উত্তর দেননি।
What's Your Reaction?