কুয়াকাটায় ট্রাকচালক হানিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ চট্টগ্রামে ট্রাকের ভেতরে ঘুমন্ত অবস্থায় খুন হওয়া কুয়াকাটার ট্রাকচালক আবু হানিফ ফকির (৩২) হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত বিপ্লব চন্দ্র মণ্ডলের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় কুয়াকাটা বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ, মহিপুর থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক ও নেতৃবৃন্দসহ পাঁচ শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে সংগঠনের মহিপুর থানা শাখার সভাপতি মো. লিটন খানের সভাপতিত্বে বক্তব্য দেন পটুয়াখালী আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের কুয়াকাটা শাখার সভাপতি আতিকুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মো. মোস্তফা হাওলাদার, নিহতের স্ত্রী সীমা বেগম, মহিপুর থানা শ্রমিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, কর্মস্থলে ঘুমন্ত অবস্থায় একজন ট্রাকচালককে নৃশংসভাবে হত্যা পরিবহন শ্রমিকদের নিরাপত্তার জন্য বড় হুমকি। ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। দ্রুত আসামিকে গ্রেফতার ও বিচার নিশ্চিত করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
উল্লেখ্য, গত ৯ জুলাই রাতে চট্টগ্রামের আকবরশাহ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম ফ্যাক্টরির সামনে ট্রাক পার্কিং করে ঘুমিয়ে ছিলেন চালক আবু হানিফ ফকির। অভিযোগ অনুযায়ী, তার সহকারী (হেলপার) বিপ্লব চন্দ্র (কুমার) মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই বেল্লাল ফকির বাদী হয়ে আকবরশাহ থানায় বিপ্লব চন্দ্র (কুমার) মণ্ডলকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি বলে জানিয়েছেন স্বজন ও শ্রমিক নেতারা।
What's Your Reaction?