কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত ২১ পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তা প্রদান
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত ২১ জনের পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ অনুদান বিতরণ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে নিহত ব্যক্তিদের পরিবারের জন্য এই অনুদান প্রদান করা হয়েছে। তালিকাভুক্ত ২১টি পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ বাবদ মোট ৫ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
সহায়তাপ্রাপ্ত পরিবারের সদস্যরা হলেন কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, তাড়াইল, কটিয়াদী, বাজিতপুর, ভৈরব, নিকলী, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, কুলিয়ারচর, পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার বজ্রপাতে নিহত ব্যক্তিদের স্বজনরা।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। বজ্রপাতে নিহত পরিবারের আর্থিক সংকট কিছুটা লাঘবের উদ্দেশ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে।
এদিকে বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি থেকে নিরাপদ থাকতে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা মেনে চলা, বজ্রপাতের সময় খোলা মাঠ, হাওর, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
What's Your Reaction?