শিল্পী সমিতি নির্বাচন : সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে শনিবার ভোরে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪১৬টি ভোট বৈধ এবং ৬৪টি ভোট বাতিল ঘোষণা করা হয়। সভাপতি পদে শিবা সানু ২৪৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও প্রযোজক আরমান পান ১৪৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নেয়। এক প্যানেলে সভাপতি পদে আরমান ও সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি এবং অন্য প্যানেলে সভাপতি পদে শিবা সানু ও সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও বিভিন্ন পদে নির্বাচন করেন।
সহ-সভাপতি পদে ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা নির্বাচিত হয়েছেন। ডি এ তায়েব পেয়েছেন ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করা অভিনেত্রী রোজিনা পেয়েছেন ১৫২ ভোট এবং নূতন পেয়েছেন ২০৪ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত। সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হন।
দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে কমলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।
এদিকে ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের জন্য ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বোচ্চ ৩২৪ ভোট পেয়ে কার্যকরী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলীরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, চিকন আলী, রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন স্বপ্না কাশেম, আন্না কামরুননাহার, তাহমিনা হোসেন বেবী, হোসেন আরা রিয়া, পলাশ খান ও ইউসুফ খান।
এবারের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু এবং বি এইচ নিশান।
What's Your Reaction?