সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Jun 22, 2026 - 19:37
 0  6
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে মারধর, সরকারি কাজে বাধা প্রদান এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ২নং খামার দামার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিৎ কুমার বকসী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসছেন। তার অভিযোগ, পশ্চিম বজরা এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে নৌঘাটে অবস্থান করে নারী যাত্রী ও বিদ্যালয়ের নারী শিক্ষকদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করতেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার কয়েকদিন আগে অভিযুক্তরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপমান করলে রনজিৎ কুমার বকসী এর প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।

অভিযোগ অনুযায়ী, রোববার (২১ জুন ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুর রহমানকে সঙ্গে নিয়ে অফিসিয়াল কাজে উলিপুরে যাওয়ার সময় পশ্চিম বজরা নৌঘাটের পূর্ব পাড়ে পৌঁছালে অভিযুক্তরা ১০-১২ জন অজ্ঞাতনামা সহযোগীসহ তাদের পথরোধ করে। এ সময় তারা সরকারি কাজে বাধা প্রদান, গালিগালাজ এবং রনজিৎ কুমার বকসীকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া অভিযুক্তরা তার কাছে থাকা বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্রসহ একটি হাতব্যাগ ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে এবং ভবিষ্যতে বিদ্যালয়ে যাতায়াত করলে আরও হামলার হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাঈদ ইবনে সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow