মহিপুরে চেক ডিজঅনার মামলায় দণ্ডিত পলাতক আসামি গ্রেফতার
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে আদালতের রায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম (৫২)-কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ জুন) সন্ধ্যায় মহিপুর থানার বিশেষ অভিযানে আলিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালাম আলিপুর এলাকার মৃত আবুল কাশেম মৃধার ছেলে। তিনি সিআর-৩৯৬/২৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এএসআই (নিঃ) মো. আবুল বাশার হাওলাদারের নেতৃত্বে একটি দল আলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আদালতের আদেশ অনুযায়ী আবুল কালামকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৭ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘চেক ডিজঅনার মামলায় দণ্ডিত ওই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।’
What's Your Reaction?