কলাপাড়ায় সিআরএসএস-এর ছাগল পেয়ে খুশি ৩০ দরিদ্র নারী
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে জলবায়ু সহনশীল প্রাণী হিসেবে ‘ব্ল্যাক বেঙ্গল’ জাতের ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর ‘নিরাপদ জীবন-জীবিকা’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। দাতা সংস্থা কার্ক ইন এক্টি (কিয়া) দ্য নেদারল্যান্ডস-এর সহায়তায় উপকারভোগী প্রত্যেক নারীকে একটি করে মোট ৩০টি ছাগল প্রদান করা হয়।
অনুষ্ঠানে ৫নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্ক ইন এক্টি (কিয়া) দ্য নেদারল্যান্ডস-এর প্রোগ্রাম অফিসার মার্টিন ভ্যান ডেন টরেন।
প্রকল্পের অর্গানাইজার এলবার্ট শোভন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্ক ইন এক্টি (কিয়া) বাংলাদেশ-এর পোর্টফোলিও কো-অর্ডিনেটর ম্যাটিল্ডা টিনা বৈদ্য, সিআরএসএস-এর বরিশাল অঞ্চলের নির্বাহী পরিচালক অ্যাডওয়ার্ড রবিন বল্লভ ও মহিপুর প্রেসক্লাবের সদস্য মাইনুদ্দিন আল আতিক। শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক বাসুদেব গুহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে দরিদ্র নারীদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাগল পালন সহজ, কম খরচসাপেক্ষ এবং দ্রুত আয় বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম। এই সহায়তার মাধ্যমে উপকারভোগীরা নিজেদের পরিবারে আর্থিক অবদান রাখতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সিআরএসএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অ্যাডওয়ার্ড রবিন বল্লভ বলেন, ‘সিআরএসএস দীর্ঘদিন ধরে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে আমাদের এই প্রয়াস। এই ছাগল বিতরণ কর্মসূচি তাদের আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হতে দারুণভাবে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।’
ছাগল পেয়ে উপকারভোগী নারীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ লক্ষ করা গেছে। তারা জানান, এই সহায়তা তাদের পরিবারের বর্তমান আর্থিক সংকট কিছুটা হলেও লাঘব করবে। ভবিষ্যতে এই ছাগল সঠিকভাবে লালন-পালন ও বংশবৃদ্ধির মাধ্যমে তারা নিজেদের ভাগ্যবদল এবং স্থায়ী আয়ের পথ তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
What's Your Reaction?