তজুমদ্দিনে আইনজীবীর বিরুদ্ধে তিন পরিবারের সংবাদ সম্মেলন, জমি দখল ও হয়রানির অভিযোগ
স্টাফ রিপোর্টার।। ভোলার তজুমদ্দিনে অ্যাডভোকেট মোজাম্মেল হক (কুটি উকিল) নামক এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, মিথ্যা মামলা, হামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তিনটি পরিবারের সদস্যরা। তজুমদ্দিন প্রেসক্লাবে উপস্থিত হয়ে ভুক্তভোগী মোঃ ফারুক হোসেন, আবু সাইম ও মোহাম্মদ ইউনুস এসব অভিযোগ করেন। ভুক্তভোগীরা জানান, মোজাম্মেল হক ভোলা জজ কোর্টের অ্যাডভোকেট পদের প্রভাব খাটিয়ে ১০-১৫টি পরিবারকে মামলা দিয়ে হয়রানি ও জমি দখল করেছেন, যার মধ্যে শশীগঞ্জ উত্তর বাজার মন্দিরের জমিও ছিল। গত মার্চ ২০২৬-এ তজুমদ্দিন উপজেলা সদরের উত্তর বাজারের ৮টি চান্দিনা ভিটা দখলের সময় আবু সায়েম গংরা বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে অপপ্রচার ও মামলা দিয়ে হয়রানি শুরু করেন। এছাড়া গত মে ২০২৬-এ মরহুম আলী হায়দার চৌধুরীর দানকৃত জমিতে প্রতিষ্ঠিত একটি ইবতেদায়ী মাদ্রাসা ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার পর তা পুনঃনির্মাণ করতে গেলে কুটি উকিল দলবল নিয়ে বাধা দেন, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তার এসব অপকর্মে সমর্থন না দেওয়ায় ভুক্তভোগীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে এবং সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এই ভূমিদস্যুতা ও হয়রানির তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করেন।
What's Your Reaction?