মেলান্দহে ৩৬০০ ইয়াবাসহ হাতেনাতে ধরা আওয়ামী লীগ ও যুবদল নেতা
জামালপুরের মেলান্দহে মাদকবিরোধী অভিযানে যুবলীগ ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ব্রাহ্মনপাড়া সিয়ানপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক মোঃ খসরু আল মামুনের নেতৃত্বে একটি রেইডিং টিম আসামি মোঃ আইউব আলীর নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৩৬০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— হাজরাবাড়ী পৌর আওয়ামী লীগের সদস্য মোঃ আইউব আলী (৪৮) এবং মেলান্দহের আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আল আমিন ওরফে শিলু (৪২)। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে জিপারযুক্ত পলিপ্যাকেটে সংরক্ষিত ৩৬০০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সবমিলিয়ে উদ্ধারকৃত আলামতের মোট মূল্য প্রায় ১৯ লাখ ৫২ হাজার টাকা। এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ খসরু আল মামুন বাদী হয়ে মেলান্দহ থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মেলান্দহ উপজেলা যুব দলের সদস্য আহবায়ক মনোয়ার হোসেন মনু বলেন, আমরা ইতিমধ্যেই জেলা যুবদলের সাথে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। মোঃ আল আমিন ওরফে শিলু কে বহিষ্কার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং জিরো টলারেন্স নীতির ভিত্তিতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। জামালপুর। ১৩-০৪-২০২৬
What's Your Reaction?