কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপন, দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত
শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি:
জনসাধারণকে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটি “জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬” উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় জেলা ও দায়রা জজ কোর্ট মিলনায়তনে ‘সরকারি খরচে বিরোধ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সুপ্রিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিভিল জজ) স্বাগত সাম্য। তিনি তার বক্তব্যে জানান, ২০২৫ সালে জেলা লিগ্যাল এইড অফিস থেকে ১৯০টি এডিআর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং ৫৫১ জনকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়া এক বছরে মামলা পরিচালনা ব্যয় বাবদ ৫ লাখ ২৪ হাজার ১০০ টাকা বহন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মাকসুদা পারভীন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন।
এছাড়াও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এরশাদুল আহম্মেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন।
সভায় লিগ্যাল এইড প্যানেল আইনজীবীদের মধ্য থেকে কর্মসম্পাদনের মূল্যায়নের ভিত্তিতে সেরা দুই আইনজীবীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থের চেক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত আইনজীবী অ্যাডভোকেট জেসমিন আরা বেগম ও অ্যাডভোকেট বিলাস বিশ্বাস তাদের বক্তব্যে বলেন, সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এ কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা উভয়ে এ সম্মানে ভূষিত হওয়ায় জেলা লিগ্যাল এইড কমিটি কে ধন্যবাদ জানান।
সভাশেষে বেলুন উড়িয়ে একটি প্রতীকী রেলী, প্রামান্য চিএ প্রদশনী, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প, লিগ্যাল এইড মেলা র উদ্ভোধন করেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সুপ্রিয়া রহমান ও বিশেষ অতিথি গণ। এসময় আইনজীবী, জজশীপ কর্মচারী, স্বেচ্ছাসেবী সংস্হা এনজিও, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সেবা গ্রহীতা গণ উপস্হিত ছিলেন।
What's Your Reaction?