মহিপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদকঃ পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান প্যাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজী সাঈদ, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার এবং জামায়াত নেতা তোফাজ্জেল হোসাইন সিপাহী। এছাড়া মহিপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ কর্মরত সংবাদকর্মীরা এই ইফতার মাহফিলে অংশ নেন। এসময় পবিত্র রমজানের তাৎপর্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও জোরদার করে। সমাজের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অতিথিরা একসাথে ইফতারে অংশ নেন।
What's Your Reaction?