মহিপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক সৌদি প্রবাসীর স্ত্রী ও তার শ্বাশুড়িকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে। শনিবার (৭ মার্চ) দুপুরে সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সুমন হাওলাদার ও তার ভাই মিরাজ বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে জান্নাতি বেগম ও তার শ্বাশুড়ি হাসিনা বেগম বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরে আহত জান্নাতি বেগম (২৫)কে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শ্বাশুড়ি হাসিনা বেগম (৫০) প্রাথমিক চিকিৎসা নেন।
হাসপাতালে চিকিৎসাধীন জান্নাতি বেগম জানান, প্রতিবেশী সুমন হাওলাদারের সঙ্গে তাদের প্রায় ১৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘ তিন থেকে চার বছর ধরে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস বৈঠক হলেও তা মীমাংসা হয়নি। তার স্বামী সৌদি আরবে প্রবাসে থাকায় তিনি ও তার শ্বাশুড়ি বাড়িতে অবস্থান করছেন।
তিনি আরও অভিযোগ করেন, চার মাস আগে সিজারের মাধ্যমে তার কন্যা সন্তান জন্ম হয়েছে। মারধরের সময় সুমন হাওলাদার তার তলপেটে লাথি মারলে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
তার শ্বাশুড়ি হাসিনা বেগম দাবি করেন, মারধরের ঘটনা মোবাইল ফোনে ধারণ করতে গেলে প্রতিবেশী হাসানকেও মারধর করা হয়। এ সময় তাদের বাড়ি থেকে কাঠ ও টিন লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুবদল নেতা সুমন হাওলাদার। তিনি দাবি করেন, বিরোধপূর্ণ জমিটি তার মালিকানাধীন। উল্টো জান্নাতির পরিবারই তার জমি দখল করেছে। তিনি বাধা দিতে গেলে তারাই তাকে মারধর করেছে। বর্তমানে তিনিও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান।
এ বিষয়ে মহিপুর থানা যুবদলের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?