মহিপুরে অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

Mar 8, 2026 - 14:57
 0  17
মহিপুরে অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে প্রায় দুই বছর আগের একটি মীমাংসিত ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ তুলেছেন ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. দেলোয়ার মৃধা।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় মহিপুর প্রেসক্লাব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে দেলোয়ার মৃধা দাবি করেন, প্রায় দুই বছর আগে ডালবুগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছোনখোলা এলাকায় আমেনা বেগমের মেয়ের সঙ্গে মঠবাড়িয়া এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক নিয়ে একটি ঘটনা ঘটে। স্থানীয়রা ওই যুবককে আটক করলে পরবর্তীতে পারিবারিকভাবে তাদের বিয়ে দিয়ে বিষয়টি সমাধান করা হয়।

তিনি অভিযোগ করেন, বর্তমানে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার নিজ দলেরই কিছু ব্যক্তি ওই পুরনো ঘটনাকে নতুন করে সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এতে তার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

দেলোয়ার মৃধা তার বক্তব্যে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম ও রুহুল আমিনের বিরুদ্ধে সরাসরি অপপ্রচারের অভিযোগ তোলেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বলেন, ‘ভিডিও ধারণের সময় আমি উপস্থিত ছিলাম ঠিকই, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি কে আপলোড করেছে তা আমার জানা নেই।’

মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ খান বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের থানা বিএনপির কার্যালয়ে ডাকা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রেদোয়ান কাজী, প্রচার সম্পাদক আল-আমিন হাওলাদার, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কুদ্দুস হাওলাদার, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল-আমিনসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow