প্রতিকূলতা জয় করে সংগঠনে নতুন গতি আনছেন জামালপুর রিক্সা–ভ্যান–অটো চালক দলের নেতা রুবেল
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বাদে চান্দী গ্রামের মো: রুবেল মিয়া দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনে দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক দায়িত্ব ও আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় থাকার কারণে তিনি দলীয় নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ।
রুবেল মিয়ার বাবা মৃত বাবুল হোসেন। ছোটবেলা থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী রুবেল ছাত্র রাজনীতির মাধ্যমে সক্রিয়তায় যোগ দেন। তিনি শরিফপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বর্তমানে ইউনিয়ন তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান-অটো চালক দলের জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে সংগঠন পরিচালনা করছেন।
রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ও ময়মনসিংহে অনুষ্ঠিত বিএনপির আন্দোলনে অংশ নিতে গিয়ে দুই দফায় পুলিশের হাতে গ্রেপ্তার হোন রুবেল মিয়া। প্রথমবার তিনি ১৫ দিন এবং পরবর্তী সময়ে আরও ৬৫ দিন কারাভোগ করেন।
কারাবাসের সময় ও পরে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন তার আইনি ও মানসিক সহায়তা প্রদান করেন।
রুবেল মিয়া দাবি করেন, রাজনৈতিক অবস্থানের কারণে তিনি বিভিন্ন সময় প্রতিপক্ষের চাপ, হয়রানি ও হামলার শিকার হয়েছেন। এসব পরিস্থিতি মোকাবিলা করেও তিনি দল ও মতাদর্শের প্রতি অবিচল থাকার চেষ্টা করেছেন।
তার ভাষ্য, “রাজনীতির মাঠে থাকলে ঝুঁকি থাকবেই। কিন্তু জনগণের অধিকার, গণতন্ত্র এবং সংগঠনের দায়িত্ব পালনের জন্য এসব সহ্য করেই এগোতে হয়।”
দলের সংগঠনকে আরও শক্তিশালী করা, রিক্সা-ভ্যান-অটো চালকদের অধিকার রক্ষা এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি করাই তার ভবিষ্যৎ লক্ষ্য বলে জানান রুবেল মিয়া। তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ও ন্যায্য আচরণের প্রত্যাশা ব্যক্ত করেন। তার স্বপ্ন জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রিক্সা-ভ্যান-অটো চালক দলের নেতাকর্মীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
রুবেল মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান-অটো চালক দল জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সাংগঠনিক কর্মযজ্ঞে ইতিমধ্যেই চালকদের মাঝে জনপ্রিয় মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তার নেতৃত্বে সংগঠনের প্রতিটি সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানান তিনি।
এ ব্যাপারে সংগঠণের সদস্যদের সাথে কথা বললে তারা জানান, রুবেল মিয়া সংগঠনের দায়িত্ব নেওয়ার পর থেকেই সংগঠন চাঙ্গা হয়েছে। এই কমিটির সকল সদস্য জাতীয়তাবাদি আদর্শে কাজ করেন। দলের প্রতিটি কর্মসূচিতেও সক্রিয় ভূমিকা পালন করেন।
জামালপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল বলেন— রুবেল মিয়া দায়িত্ব নেওয়ার পর থেকে রিক্সা-ভ্যান-অটো চালক দলের কার্যক্রমে নতুন গতি এসেছে। তিনি দলের একজন পরিশ্রমী, নিবেদিত ও সাহসী সংগঠক। নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং মাঠের রাজনীতিতে সক্রিয় থাকায় তিনি সত্যিই প্রশংসার যোগ্য। তার নেতৃত্বে আগামী দিনে সংগঠন আরও শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি।
মেহেদী হাসান
জামালপুর।
০৪-১২-২০২৫
What's Your Reaction?