জামালপুর আইনজীবী সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিশাদ রেজওয়ান সাধারণ সম্পাদক

Feb 20, 2026 - 19:52
 0  13
জামালপুর আইনজীবী সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিশাদ রেজওয়ান সাধারণ সম্পাদক

জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬ এ সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এডভোকেট রিশাদ রেজওয়ান বাবু। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করে। এ ঘোষণার পর জেলা আইনজীবী অঙ্গনে আনন্দ ও স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

আইনজীবী সমিতির সদস্যরা মনে করছেন, দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, সংগঠনিক দক্ষতা এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণেই তিনি আবারও এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হলেন। এর আগেও তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সে সময় সমিতির বিভিন্ন প্রশাসনিক ও পেশাগত কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন।

সহকর্মীদের মতে, তার আগের মেয়াদে আদালত সংশ্লিষ্ট নানা সমস্যা সমাধান, আইনজীবীদের পেশাগত স্বার্থ রক্ষা এবং সমিতির অভ্যন্তরীণ কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছিল। নবীন আইনজীবীদের পাশে দাঁড়ানো এবং পেশাগত পরিবেশ উন্নয়নে উদ্যোগ গ্রহণের বিষয়টিও তার নেতৃত্বের উল্লেখযোগ্য দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

এডভোকেট রিশাদ রেজওয়ান বাবু বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জামালপুর জেলা শাখার সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। সংগঠন ও পেশাজীবী রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি তাকে আইনজীবীদের মধ্যে সুপরিচিত করে তুলেছে।

নির্বাচিত হওয়ার পর তিনি আইনজীবী সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সহকর্মীদের আস্থা ও সমর্থন তার জন্য বড় প্রেরণা। তিনি সমিতির ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা এবং আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আদালত প্রাঙ্গণে সুস্থ ও সহযোগিতাপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

জেলা আইনজীবী মহলে ধারণা করা হচ্ছে, তার নেতৃত্বে আগামী মেয়াদে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং আইনজীবীদের পেশাগত উন্নয়ন ও কল্যাণমূলক উদ্যোগে নতুন মাত্রা যোগ হবে।

মেহেদী হাসান 
জামালপুর। 
২০-০২-২০২৬  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow