সাতক্ষীরার কলারোয়ার উফাপুর থেকে মেছোবাঘ আটক, অতঃপর অবমুক্ত 

Dec 21, 2025 - 19:38
 0  26
সাতক্ষীরার কলারোয়ার উফাপুর থেকে মেছোবাঘ আটক, অতঃপর অবমুক্ত 

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা ঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার উফাপুর গ্রামের একটি বাড়ি থেকে মেছোবাঘ আটক করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ২টার দিকে গ্রামের আলমগীর হোসেন সরদারের বাড়িতে মেছোবাঘটি ফাঁদে আটকা পড়ে। পরে বন বিভাগের সহযোগিতায় মেছোবাঘটি পাশ্ববর্তী জঙ্গলে অবমুক্ত করা হয়।
বাড়ির মালিক আলমগীর হোসেন আমিন জানান, তাঁদের বাড়িসহ গ্রামের বিভিন্ন বাড়ি থেকে রাতে প্রায়ই হাঁস-মুরগি নিখোঁজ হচ্ছিল। তাঁরা ধারণা করেছিলেন, শিয়াল এসব নিয়ে যাচ্ছে। এ কারণে শনিবার রাতে মুরগির খোঁয়াড়ের পাশে একটি বড় ফাঁদ পেতে রাখা হয়। ভোররাতে শব্দ পেয়ে বাইরে বের হয়ে তাঁরা ফাঁদের ভেতরে একটি মেছোবাঘ দেখতে পান। পরে প্রতিবেশীদের খবর দিলে সবাই মিলে বাঘটিকে আটকে রাখেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গ্রামে হাঁস-মুরগী নিখোঁজ হলেও কোন প্রাণি তা নিয়ে যাচ্ছিল তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। মেছোবাঘটি আটকের পর এটি নিশ্চিত হওয়া যায়। এদিকে, এঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এতদিনে বাঘটি কোনো মানুষের ক্ষতি করেনি।
মেছোবাঘ আটকের খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ আলমগীর হোসেনের বাড়িতে ভিড় করেন।
স্থানীয় বাজার কমিটির সভাপতি ও বিএনপি নেতা ডা. আব্দুল মজিদ জানান, মেছোবাঘ আটকের খবর পেয়ে তিনি সেখানে যান। এরপর বিষয়টি উপজেলা প্রশাসন ও বন বিভাগকে জানানো হয়।
কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম আবদুল্লাহ আল মানুন জানান, মেছোবাঘ বিপন্ন প্রাণি নয়। সে কারণে যে গ্রাম থেকে এটি ধরা পড়েছে তার আশেপাশে আরও মেছোবাঘ থাকতে পারে। তাই এটি ওই গ্রামের আশেপাশের কোন জঙ্গলে ছেড়ে দিলে তার স্বগোত্রীয় প্রাণিদের সাথে মিশে যেতে পারে। 
কলারোয়া উপজেলা বন বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা মারুফ বিল্লাহ জানান, মেছোবাঘটি আটকের খবর শোনামাত্রই তিনি বনবিভাগের সহায়তাকারী মোহাম্মদ আলীকে ঘটনাস্থলে পাঠান। বনবিভাগের সহায়তাকারী মোহাম্মদ আলী স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সহায়তা নিয়ে মেছোবাঘটি উদ্ধার করে পার্শ্ববর্তী জঙ্গলে  অবমুক্ত করা হয়েছে। ##
২১.১২.২৪

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow