খোলা চিঠি: তজুমদ্দিনে অটোতে তুলে ছাত্রী নির্যাতন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন

Jul 19, 2025 - 17:44
 0  69
খোলা চিঠি: তজুমদ্দিনে অটোতে তুলে ছাত্রী নির্যাতন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন

গতকাল শুক্রবার সন্ধ্যায় ভোলার তজুমদ্দিনের পানির ট্যাংকি এলাকায় ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা আমাদের সকলকেই চরমভাবে নাড়া দিয়েছে। একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে রাস্তায় আটকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেয় স্খানীয় কয়েকজন বখাটে কিশোরগ্যাং সদস্য। চলন্ত অবস্থায় গাড়িতে তারা ভিকটিমের উপর শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা করে। বর্তমানে মেয়েটি তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ ও আতঙ্ক। কেউ বলছেন এটি শ্লীলতাহানির চেষ্টা, কেউ বলছেন ধর্ষণ। প্রকৃত সত্য উদঘাটন ও আইনি পদক্ষেপ গ্রহণের জন্য অপরিহার্য হচ্ছে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত।

দুঃখজনকভাবে, ভিকটিমের পরিবার সামাজিক চাপ, নিরাপত্তাহীনতা বা অন্যান্য কারণে এখনো আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাতে রাজি হননি। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (র্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, গোয়েন্দা সংস্থা) প্রতি আমাদের দৃঢ় আহ্বান পরিবার অভিযোগ করুক বা না করুক, রাষ্ট্রের দায়িত্ব অপরাধের যথাযথ তদন্ত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা। আমরা চাই:

০১. এই ঘটনায় জড়িত সকল কিশোরগ্যাং সদস্যদের  চিহ্নিত ও আটক করা হোক।

০২. অপরাধের প্রকৃতি অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।

০৩. যারা এইসব কিশোরগ্যাং এর রাজনৈতিক ভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকে, তাদের মুখোশ উন্মোচন করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

এই তজুমদ্দিন আমাদের। আমরা চাই না, কিছু উচ্ছৃঙ্খল বখাটে ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করা রাজনৈতিক নেতাদের কারণে একটি শান্তিপ্রিয় জনপদ অশান্ত হয়ে উঠুক। প্রশাসনের কাছে আমাদের জোরালো অনুরোধ এই ঘটনার যথাযথ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করুন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

- সাদির হোসেন রাহিম
প্রতিষ্ঠাতা, সৃজনশীল অগ্রগামী উন্নয়ন সংসদ।
সাবেক সাধারণ সম্পাদক, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow