ভারতীয় মাদক পিকআপ ভ্যান আটক করেছে র্যাব
ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রাজনগর ইউনিয়নের পশ্চিম চাঁদগাও এলাকা থেকে ভারতীয় মাদক ভর্তি একটি পিকআপ ভ্যান আটক করেছে র্যাব-১৪ জামালপুর সিপিসি- ১ এর আভিযানিক দল।
আজ শুক্রবার (১১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ইউনিয়নের পশ্চিম চাঁদগাও এলাকায় অভিযান চালিয়ে ২৬০ বোতল ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ভারতীয় অবৈধ মদসহ ওই পিকআপ ভ্যানটি আটক করা হয়। একই দিন দুপুরে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪।র্যাব-১৪ সিপিসি-১ থেকে জানানো হয়, শুক্রবার (১১ জুলাই) সকালে গোপন খবর পেয়ে র্যাবের একটি আভিযানিক দল নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ মাদক কারবারিরা পিকআপ নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাবের টহল গাড়ি পিকআপ ভ্যানের পিছু নিয়ে ধাওয়া করে। পিকআপটি নালিতাবাড়ী পশ্চিম চাঁদগাও গ্রামের কাঁচা রাস্তায় আসার পর জনৈক মোফাজ্জাল হোসেনের দোকানের সামনে রেখে কৌশলে পালিয়ে যায়।
পরে র্যাব সদস্যরা পিকআপ ভ্যানে তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করে তা জব্দ করেন। উদ্ধারকৃত এসব বিদেশি মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১২ লক্ষ ৭২ হাজার টাকা।
পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক জব্দকৃত মাদক ও পিকআপ ভ্যান নালিতাবাড়ী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছেন।
What's Your Reaction?