দেশব্যাপী কার্যক্রমে সক্রিয় ‘সৃজনশীল অগ্রগামী উন্নয়ন সংসদ’ এর নতুন কমিটির অনুমোদন
নিজস্ব প্রতিবেদক।
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল অগ্রগামী উন্নয়ন সংসদ (SAUS) এর নতুন সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। গত ৯ জুন ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের দপ্তর থেকে জারি করা প্রজ্ঞাপনে দুই বছর মেয়াদি এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ভোলা থেকে যাত্রা শুরু করা সংগঠনটি বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষ রোপন এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম দেশের বিভিন্ন জেলায় পরিচালনা করছে। সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, করোনা-পরবর্তী জনসচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন নিয়মিত বাস্তবায়ন করা হচ্ছে।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদির হোসেন রাহিম। ভাইস চেয়ারম্যান হয়েছেন মোঃ ফজলে রাব্বি, মহাসচিব মোঃ আবির বিন ফিরোজ, যুগ্ম মহাসচিব নাহিদুর রহমান শুভ, অর্থসচিব মিরাজ হোসেন এবং নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইফুর রহমান ও মোঃ মামুন।
সংগঠনের নির্বাহী পরিচালক সাফি উল আলম বলেন, আমাদের লক্ষ্য একটি দক্ষ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা। আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যুব উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি টেকসই পর্যটনের বিকাশ, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ নারী ও যুবসমাজের অর্থনৈতিক ক্ষমতায়ন, পুষ্টি সচেতনতা এবং প্রাকৃতিক দুর্যোগে দ্রুত মানবিক সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলে স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী মানবিক নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে সংকটময় সময়ে দ্রুত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়।
সমাজসেবা কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করে নবগঠিত কমিটিকে দায়িত্ব পালন করতে হবে।
What's Your Reaction?