কিশোরগঞ্জে যুব মহিলাদের পাটপণ্য বিষয়ক হস্তশিল্প ওরিয়েন্টেশন ও সনদপত্র বিতরণ

Jul 7, 2026 - 19:00
Jul 7, 2026 - 19:10
 0  14
কিশোরগঞ্জে যুব মহিলাদের পাটপণ্য বিষয়ক হস্তশিল্প ওরিয়েন্টেশন ও সনদপত্র বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে যুব মহিলাদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাটপণ্য বিষয়ক হস্তশিল্প ওরিয়েন্টেশন এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কাইডস্ যুব মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরের মনিপুরঘাট কাটাখালী রোডস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পাটপণ্য উৎপাদন, বিপণন, গুণগত মান উন্নয়ন এবং দক্ষ নারী উদ্যোক্তা তৈরির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী যুব মহিলাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আল-আমিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন কাইডস্ যুব মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি লিপি রানী দাস নিশি এবং সঞ্চালনা করেন তাসলিমা আক্তার স্মৃতি।
এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক সারওয়ার জাহান, ফরহাদ হোসেন রাজ, জুনায়েদ হোসেন জুয়েল ও শরীফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আবুল কালাম ভূঁইয়া বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশবান্ধব পাটপণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণে নারীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, দেশ-বিদেশে পরিবেশবান্ধব পাটপণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা গেলে তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের পাটশিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং তাদের সফলতা কামনা করেন। পরে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow