কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত চিকিৎসাসেবা, নেকনজর চান সেবাগ্রহীতারা

Jul 1, 2026 - 11:32
 0  13
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত চিকিৎসাসেবা,  নেকনজর চান সেবাগ্রহীতারা

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। গুরুত্বপূর্ণ চিকিৎসক ও কর্মচারীদের একাধিক পদ শূন্য থাকায় প্রতিদিন শত শত রোগী কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত শূন্য পদে নিয়োগ দিয়ে হাসপাতালের সেবার মান উন্নয়নের দাবি জানিয়েছেন সেবাগ্রহীতা ও স্থানীয় সচেতন মহল।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে পরিচ্ছন্নতাকর্মীর ৪টি, ওয়ার্ডবয়ের ৩টি, মালির ১টি, কুক-মশালচির ১টি, রেডিওলজিস্টের ১টি, ফার্মাসিস্টের ২টি, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ৫টি, ক্যাশিয়ারের ১টি, অফিস সহকারীর ২টি, জুনিয়র মেকানিকের ১টি, নিরাপত্তা প্রহরীর ১টি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের ৮টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। যদিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত হয়েছে, তবে এখনো জনবল কাঠামো ৩১ শয্যার ভিত্তিতেই পরিচালিত হচ্ছে। ফলে সীমিত জনবল দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে গিয়ে চিকিৎসক ও কর্মচারীদের হিমশিম খেতে হচ্ছে। প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৩০০ থেকে ৪০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন।

হাসপাতাল টিতে আবাসিক চিকিৎসা  নেওয়া  রোগীর সংখ্যা   গড়ে ৬৪ জন।  কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক, ওষুধ বিতরণকারী, রেডিওলজি ও অন্যান্য সহায়ক জনবল না থাকায় রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা না পেয়ে রোগীদের ফিরে যেতে হচ্ছে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আদনান আখতার  জানান  ২০২২ সন থেকে আমি সীমিত জনবল দিয়ে কাজ চালিয়ে আসছি। চাহিদা দিতেছি নতুন  লোক আসছে না। সংযুক্তি তে থাকা ষ্টাফদের  ফিরিয়ে আনতে পারলেও কাজ করানো যেত। সিভিল সার্জন  এর দায়িত্বে  থাকা ডাঃ নাজমুল করিম এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ কে জানাবেন বলে জানিয়েছেন।  স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতারা জানান, কুলিয়ারচর উপজেলার বিপুল জনগোষ্ঠীর চিকিৎসার প্রধান ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স। তাই দ্রুত শূন্য পদে নিয়োগ, ৫০ শয্যা অনুযায়ী জনবল কাঠামো অনুমোদন এবং প্রয়োজনীয় চিকিৎসক ও কর্মচারী পদায়নের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow