সাতক্ষীরায় মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ পারিবারিক ও দেওয়ানি বিরোধের দ্রুত নিষ্পত্তি, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রম জোরদার এবং মামলাজট হ্রাসে লিগ্যাল এইডের কার্যকর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। জেলা লিগ্যাল এইড অফিস, সাতক্ষীরার আয়োজনে বুধবার বিকেল ৩টায় অফিসটির সম্মেলন কক্ষে আইনজীবী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন, চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব মোঃ মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ এবং স্পেশাল মেডিয়েটর মোঃ শহিদুল ইসলাম এবং জেলা লিগ্যাল এইড অফিসার (সিভিল জজ) লিটন দাস প্রমুখ। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাড. বিএম মিজানুর রহমান (পিন্টু), সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাড. অসীম কুমার মন্ডল, প্যানেল আইনজীবী অ্যাড. খায়রুল বদিউজ্জামান, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. গোলাম গনি দুদু ও অ্যাড. শিহাব মাসুদ সাচ্চু। এছাড়া এনজিও প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাড. মুহাম্মদ মুনিরুদ্দীন ও সাকিবুর রহমান বাবলা। জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং বিভিন্ন আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীর আইনগত অধিকার নিশ্চিত করতে জাতীয় আইনগত সহায়তা প্রদান অধিদপ্তর (লিগ্যাল এইড) দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আইনজীবী ও এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা বলেন, পারিবারিক ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির কার্যকর প্রয়োগের মাধ্যমে আদালতের ওপর মামলার চাপ কমানো সম্ভব। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য স্বল্প ব্যয়ে, দ্রুত ও সহজলভ্য ন্যায় বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে পারিবারিক ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তিতে এডিআর পদ্ধতির কার্যকারিতা বৃদ্ধি, মামলাজট নিরসন এবং জনগণের জন্য সহজ ও দ্রুত বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।## ১৭.০৬.২৬
What's Your Reaction?